প্রতিষ্ঠাতা ও বিশ্ব শান্তি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি রোটারি গ্রেটার শিলচরের

2 - মিনিট |

জাটিঙ্গা এলাকায় র‍্যালি, সেমিনার ও সচেতনতা সভা

কে আর সি টাইমস ডেস্ক

জাটিঙ্গা : আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা দিবস এবং বিশ্ব শান্তি ও সংঘাত নিরসন দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। এ উপলক্ষে এদিন সকালে জাটিঙ্গা এলাকায় এক শান্তি র‍্যালির আয়োজন করা হয়। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৪০-এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান বিশ্বজিৎ বণিক সবুজ পতাকা দেখিয়ে র‍্যালির সূচনা করেন।

এছাড়াও ক্লাব সভাপতি রোটারিয়ান ডাঃ রজত দেব, রোটারিয়ান রাজা ভট্টাচার্য, রোটারিয়ান ডাঃ জুরি শর্মা, রোটারিয়ান সুভাষ রঞ্জন ধর, রোটারেক্ট ক্লাব অব গ্রেটার শিলচর রয়েল এর সভানেত্রী ডাঃ অর্পিতা দেব, কোষাধ্যক্ষ ডাঃ ত্রিবেণী হাফলংবার এবং রোটারি আরসিসি যুব দর্পণের সম্পাদক দিলু দাস উপস্থিত ছিলেন। র‍্যালিতে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। র‍্যালি শেষে বিশ্বশান্তির বার্তা দিয়ে আকাশে বেলুন উড়ানো হয় এবং রোটারি ইন্টারন্যাশনালের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করে কেক কাটা হয়।

পরবর্তীতে এলাকার এসি মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে “পিস বিল্ডিং অ্যান্ড কনফ্লিক্ট রিসোলিউশন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে জয়িতা সেন সিংহ, সংঘিতা চক্রবর্তী, সালেহ আহমেদ বড়ভুঁইয়া, শাফাত আহমেদ বড়ভুঁইয়া ও অর্পিতা দে প্রমুখ সক্রিয়ভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করেন। তাঁদের আন্তরিক সহযোগিতায় সমগ্র কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এছাড়াও দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, ছাত্রছাত্রীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ এবং কিশোরীদের স্বাস্থ্য ও হাইজিন সংক্রান্ত পৃথক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। রোটারি ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *