ঐক্যবদ্ধ থাকার ঘোষণা আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
সমীরণ রায়
ঢাকা : বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে বলে দলগুলোকে সতর্ক করেছেন তিনি। দলগুলোর নেতারাও প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন, ষড়যন্ত্র ঠেকাতে তাঁরা দ্বন্দ্ব ভুলে এক থাকবেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার পরদিন শনিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারা বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আলোচনার বিষয়বস্তু জানানো হয়।
আগাম বছরের ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর সড়কে গুলি করা হয় ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদি এখন আশঙ্কাজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে প্রশ্ন ওঠার পর তিনটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এই বৈঠকের আগে ওসমান হাদির পরিবারের সদস্যদেরও সাক্ষাৎ দেন তিনি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অংশ নেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরও বৈঠকে ছিলেন।
ওসমান হাদির ওপর হামলা একটি সতর্কবার্তা হিসেবে নিতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই হামলা পূর্বপরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ; এর পেছনে বিরাট শক্তি কাজ করছে। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনটি না হতে দেওয়া।
এই আক্রমণটি খুবই ‘সিম্বলিক’। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। তারা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে।’
সরকারের পাশাপাশি দলগুলোকেও শক্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায়, নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এগুলোকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে নির্বাচনের আগে এখন যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা থেকে সরে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস।
আইন উপদেষ্টা আসিফ নজরুল রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। আপনাদের শুধু দলীয় স্বার্থ নয়, জাতীয় স্বার্থের বিষয়েও সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে না পারলে কোনো নিরাপত্তাই কাজে আসবে না।
বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। আমাদের মধ্যে যতই রাজনৈতিক বক্তব্যের বিরোধিতা থাকুক না কেন, জাতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার পরামর্শ দেন বিএনপির এই নেতা।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের নানা বক্তব্য একে অন্যকে দোষারোপ করার প্রবণতা বাড়িয়েছে, যার ফলে আমাদের বিরোধীরা সুযোগ পেয়েছে। ক্ষুদ্র দলীয় স্বার্থে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি। জাতিকে বিভক্ত করে এমন কথা আমরা কেন বলব? আমাদের পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সব দলকে তাদের কমিটমেন্ট ঠিক করতে হবে।’
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানবিরোধী প্রচারের দিকটি দেখিয়ে বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যাতে মনে হয় যারা অভ্যুত্থান করেছে, তারা অপরাধ করেছে।’
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজড’ করতে নানা চেষ্টা চলছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, ‘টিভি টক শোতে তারা নিয়মিত অংশ নিচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় বৈঠক করছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মিলিত হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে স্লোগান দিচ্ছে।’
এদিকে, শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির আততায়ীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, জুলাই যোদ্ধা ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখসারি যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।




