শিক্ষার প্রসারে অন্তরায় দূর করতে বদ্ধপরিকর সরকার, হিমন্ত-পেগুর প্রশংসায় দীপায়ন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর৷ বরাক উপত্যকার শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে এবং পড়ুয়াদের যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করতে বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার শিলচরের প্রায়োগিক হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে প্রথমবারের মতো সাইকেল তুলে দেওয়া হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
রাজ্য সরকারের এই জনহিতকর প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, ‘শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার ক্ষেত্রে যাতায়াতের সমস্যা যাতে কোনওভাবেই অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেটাই সরকারের প্রধান লক্ষ্য।
যাতায়াতের সুব্যবস্থা থাকলে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে এবং এর ফলে রাজ্যে স্কুলছুট হওয়ার প্রবণতা অনেকটাই হ্রাস পাবে।’ তিনি আশাপ্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ অসমের শিক্ষার গুণগত মান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।
অসমের বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কৃতিত্ব মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে দিয়ে বিধায়ক বলেন, ‘মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ড. রণোজ পেগুর দূরদর্শী নেতৃত্বের ফলেই আজ রাজ্যের শিক্ষা ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বর্তমান সরকার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রান্তিক স্তরের ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা প্রদানে নিরন্তর কাজ করে যাচ্ছে। আজ রাজ্যের প্রতিটি কোণায় শিক্ষা ক্ষেত্রে যে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে, তা সরকারের ঐকান্তিক প্রচেষ্টারই ফল।’
এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মণ্ডলী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারের এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। সাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ প্রকাশ করেছে। বিধায়ক জানান, আগামীদিনেও ছাত্রছাত্রীদের স্বার্থে এই ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।



