নটভূষণ কালেন সিংহ এ পর্যন্ত মোট ১৩টি গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন
অজিত দাস
শিলচর : কলা, সংস্কৃতি ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মনিপুরী সমাজের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক নটভূষণ মাইমোম কালেন সিংহকে অনুরূপা বিশ্বাস স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে হাইলাকান্দিতে আয়োজিত সংস্থার দ্বিবার্ষিক সম্মেলনের এক বিশেষ অধিবেশনে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, নটভূষণ কালেন সিংহ এ পর্যন্ত মোট ১৩টি গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন। তাঁর বাংলা ভাষায় রচিত ‘মনিপুরের ইতিবৃত্ত’ গ্রন্থটি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত। শুধু বরাক উপত্যকাই নয়, বহির্আসামেও এই গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে।সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কালেন সিংহ বলেন, “বঙ্গসাহিত্যের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক চরিত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই সম্মান।
এই স্বীকৃতি পাওয়ার জন্য আমি বঙ্গসাহিত্যের প্রতি কৃতজ্ঞ। এই সম্মান একা আমাকে নয়, গোটা মনিপুরী সমাজকে প্রদান করা হয়েছে।”অনুষ্ঠানের শেষে তিনি মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সম্মানস্বরূপ নিজের লেখা ‘মনিপুরের ইতিবৃত্ত’ গ্রন্থটি উপহার দেন।
Promotional | North East Integration Rally



