১৮ নভেম্বর বরাকের শিল্পী সমাজের উদ্যোগে শিলচরে ‘হাজার কন্ঠে মায়াবিনী’ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান
অজিত দাস
শিলচর : কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের জন্মদিনে অভূতপূর্ব আয়োজন বরাকের শিল্পী সমাজের।আবেগ ও উদ্দীপনায় ভাসছে সমগ্র বরাক উপত্যকা।
আগামী ১৮ নভেম্বর, শনিবার, বিকেল ঠিক ৪টায় শিলচরের ঐতিহ্যবাহী ডিএসএ গ্রাউন্ডে অসমের যুব-হৃদয় সম্রাট, কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গ-এর শুভ জন্মদিন উপলক্ষে এক বিশাল ও অভূতপূর্ব শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো হাজারো কন্ঠে জুবিনের কালজয়ী গান মায়াবিনী। যা একই মঞ্চে অসমিয়া ও বাংলা – উভয় সংস্করণে গাওয়া হবে।
অনুষ্ঠানকে আরও আলোকিত করতে উপস্থিত থাকবেন একাধিক জনপ্রিয় মুখ। মঞ্চে থাকবেন ‘ভারত কন্ঠ’ দেবজিৎ সাহা। এছাড়াও, রিয়ালিটি শো-তে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথালী সোম উপস্থিতি থাকবেন। তাদের উপস্থিতি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে এক নতুন মাত্রা দেবে বলেই আশা করা হচ্ছে।
বরাক উপত্যকার আপামর জনসাধারণ ও শিল্পী সমাজের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে বিরাট উৎসাহ ও আবেগ পরিলক্ষিত হচ্ছে। জুবিন গর্গ শুধুমাত্র একজন শিল্পী নন, তিনি বরাকের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক আবেগ। তাঁর প্রতি এই গণ-শ্রদ্ধাঞ্জলি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই এই অনুষ্ঠান নিয়ে সবাই ব্যাপক উৎসাহী। আর এই উৎসাহ এটাই প্রমাণ করে যে, জুবিনের জনপ্রিয়তা বরাকের হৃদয়ে কতটা গভীর।
এই বিশাল আয়োজনকে সফল করতে এবং বরাক উপত্যকার শিল্পী সমাজের সম্মানকে অটুট রাখতে উদ্যোক্তারা সকলের সক্রিয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শামিল হয়ে জুবিনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ১৮ নভেম্বর বিকেল ৪টায় ডিএসএ গ্রাউন্ডে সকল সঙ্গীতপ্রেমী মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।জুবিন এর সুরের মূর্চ্ছনায় একাত্ম হোক বরাকের হাজারো কণ্ঠ!



