বিষয় থাকবে ‘মুখার্জি থেকে মোদি’
কে আর সি টাইমস ডেস্ক
বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে রাজ্য বিজেপি | যার বিষয় হল ‘মুখার্জি থেকে মোদি’ | তবে এ যে সে বসে বসে আঁকো প্রতিযোগিতা নয় | এই প্রতিযোগিতায় জিতলেই মিলবে ১ লক্ষ টাকা পুরস্কার | শুক্রবার এমনটাই ঘোষণা করেন রাজ্য বিজেপির সাধরণ সম্পাদক সায়ন্তন বসু ও বিজেপি নেতা দেবজিৎ সরকার | এদিন রাজ্য বিজেপির সদর দফতরে, সাংবাদিক সম্মেলন করে একথা জানান তারা |
এদিন দেবজিৎ সরকার জানান, “পুজোর আগে কলকাতায় এই বসে আঁক প্রতিযোগিতার আয়োজন করবে রাজ্য বিজেপি । বিষয় থাকবে ‘মুখার্জি থেকে মোদি’ । এই প্রতিযোগিতায় যোগদান করবে ১৫ থেকে ২০ হাজার শিল্পী । প্রতিযোগীদের বয়সের নিম্নসীমা এক্ষেত্রে ১৮ বছর । বিজয়ী শিল্পী পাবেন ১ লক্ষ টাকা পুরস্কার । দ্বিতীয় স্থানাধিকারী পাবেন ৭৫ হাজার ও তৃতীয় স্থানাধিকারী পাবেন ৫০ হাজার টাকা পুরস্কার ।”
এদিন দেবজিৎবাবু আরও জানান, এই প্রতিযোগিতার নাম নথিভুক্তিকরণ শুরু হবে অনলাইনে | এই প্রক্রিয়া শুরু হবে কয়েকদিনের মধ্যেই | পুরস্কার বিতরণ হবে দীপাবলির দিন । যদিও কোথায় এই প্রতিযোগিতার আয়োজন করা হবে এবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি ।


