ভোটার–আধার দেখিয়েও রক্ষা নয়! শিলচরে যুবক নিগ্রহের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সংগঠনগুলির সোচ্চার প্রতিবাদ
অজিত দাস
শিলচর : আজ সকাল সাড়ে সাতটা নাগাদ শিলচরের হাসপাতাল রোড এবং রাধামাধব রোড সংযোগ স্থলে রিঙ্কু শেখ নামে এক যুবক কিছু দুষ্কৃতীদের দ্বারা শারীরিক নিগ্রহের শিকার হন। তিনি বরাকের বিডিন্ন এলাকায় ফেরি করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করে থাকেন।দুষ্কৃতীরা কোন কারণ ছাড়াই হঠাৎ করে বাংলাদেশী অভিযোগে তাঁকে থামিয়ে শারীরিক নিগ্রহ শুরু করে।
তিনি তাঁর সঙ্গে থাকা বৈধ ভোটার কার্ড ও আধার কার্ড দেখাতে চাইলেও তাঁতে পাত্তা দেয়নি দুষ্কৃতীরা। অবস্থা বেগতিক হওয়ায় তিনি প্রানভয়ে তাঁর মোটরসাইকেল ও পন্য সামগ্রী রাস্তায় রেখে পালিয়ে যেতে বাধ্য হন। পরে অন্য একজন পরিচিত ব্যাবসায়ীর মাধ্যমে এগুলো উদ্ধার করা হয়। দুষ্কৃতীরা এসময় ধর্মীয় শ্লোগান দিচ্ছিল বলেও জানিয়েছেন তিনি।
পরে টেলিফোন যোগে ঘটনার খবর পেয়ে বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট, ফোরাম ফর স্যোশাল হারমনি ও ইয়াসির সদস্যরা তাঁদের সাথে দেখা করেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাঙিরখাড়ি থানায় এজাহার দাখিল করার ব্যাপারে সবাই তাদের সঙ্গ দেন।
এদিন রাঙিরখাড়ি থানার বাইরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রিঙ্কু শেখ এই ধরনের বেআইনি কাজ যুক্ত সবাইকে কঠোর শাস্তি প্রদান ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। ফোরাম ফর স্যোশাল হারমনির পক্ষ থেকে উপস্থিত অরিন্দম দেব বলেন যে অভিযোগ যাই থাকুক কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। তাই নিরীহ শ্রমজীবী একজন যুবকের উপর ঘটে যাওয়া এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এর মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এদিন বলেন যে বরাক উপত্যকার শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্যই ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন যে তাঁদের জানামতে আজ সকালে ক্যাপিটাল পয়েন্ট তথা ঘনিয়ালাতেও নিরীহ শ্রমজীবীদের একই ভাবে নিগৃহীত করা হয়েছে।
তিনি বলেন যে অবিলম্বে প্রশাসনকে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার দাবি জানাচ্ছেন তারা। অন্যথা আগামী এনিয়ে আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফ এর জয়দীপ ভট্টাচার্য,বিডিএফ ইউথ ফ্রন্টের আহ্বায়ক দেবায়ন দেব, সারোয়ার জাহান, মোহম্মদ ইসমাইল প্রমুখ।
Promotional | North East Integration Rally



