বাংলাদেশের স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ

< 1 - মিনিট |

সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

সমীরণ রায়

ঢাকা : বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।

সোমবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে দুজনের মধ্যে এই সাক্ষাৎ হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করে। তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর সঙ্গে সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। সংসদীয় সম্পর্ক জোরদারে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পদক্ষেপ নিতে হবে বলেন তিনি।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতু বন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। বিদায়ী হাইকমিশনার ‘স্পিকার’ পদে নির্বাচিত হওয়ার জন্য হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news