বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ সরকারের কুশপুত্তলিকা দাহ
অজিত দাস
শিলচর : প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্যাতন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হলো ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি।শনিবার শিলচরের স্থানীয় বিজেপি কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে যুব মোর্চার সদস্যরা।
মিছিলে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কর্মকর্তারা।সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা অভিযোগ করেন,মৌলবাদী বিচার ধারায় প্রভাবিত কট্টর ইসলামপন্থীরা মিথ্যা অভিযোগের ভিত্তিতে দিপু দাস নামের এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যা করেছে।প্রথমে তাঁকে মারধর করে আধমরা করা হয়,পরে ফাঁসিতে ঝুলিয়ে আধমরা অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
যুব মোর্চার দাবি,এধরনের ঘটনা বাংলাদেশে নতুন নয়। দীর্ঘদিন ধরেই সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর ধারাবাহিকভাবে নির্যাতন চালানো হচ্ছে।শুধু বাংলাদেশেই নয়,বিশ্বের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর সহিংসতার ঘটনাও উদ্বেগ জনক বলে দাবি করেন তাঁরা।এই পরিস্থিতির প্রতিবাদে এদিন প্রতিবাদী মিছিলের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়।
যুব মোর্চার সদস্যরা জানান, কট্টরবাদ ও মৌল বাদের বিরুদ্ধে বর্তমান ভারত সরকার যে কঠোর অবস্থান নিয়েছে,তার প্রশংসা করেন তাঁরা।একই সঙ্গে বাংলাদেশি কট্টরপন্থীদের বিরুদ্ধে আসাম সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে,তার জন্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে সাধুবাদ জানান।বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সে দেশের মুসলিম সমাজের প্রগতিশীল আলেম, ইসলামিক পণ্ডিত ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।মৌলবাদ,ফতোয়া ও ধর্মের নামে হিংসা বন্ধ করার দাবিও তোলা হয়।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে মহম্মদ ইউনুসের কুশ পুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি দোষীদের কঠোর শাস্তি ও বাংলাদেশের চলমান পরিস্থিতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা।
Promotional | North East Integration Rally



