মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ
অজিত দাস
শিলচর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান নির্যাতন এবং দীপু চন্দ্র দাস হত্যার ঘটনার প্রতিবাদে শুক্রবার উত্তাল হয়ে ওঠে শিলচর শহর। বৃহত্তর দুধপাতিল হিন্দু ঐক্য মঞ্চের ডাকে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সরব হন শতাধিক প্রতিবাদকারী।
এদিন ছোট দুধপাতিল এলাকা থেকে কয়েক শতাধিক মানুষ মিছিল করে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে সমবেত হন। মিছিল জুড়ে বাংলাদেশের দীপু চন্দ্র দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে লাগাতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সমাবেশ চলাকালীন প্রতিবাদকারীরা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করেন এবং বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বিশ্বব্যাপী হিন্দু সমাজকে একজোট হওয়ার আহ্বান জানান এবং হিন্দু অস্তিত্ব রক্ষায় কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
বক্তারা বলেন, সংখ্যালঘু হিন্দুদের উপর এই ধরনের বর্বর হামলা মানবাধিকার লঙ্ঘন করা তাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
Promotional | North East Integration Rally



