সংখ্যা না থাকায় মহারাষ্ট্রে সরকার গড়বে না বিজেপি
কে আর সি টাইমস ডেস্ক
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিজেপি-শিবসেনা দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। রাজ্যপালের ডাক পেয়েও, বিজেপি জানিয়ে দিয়েছে, সংখ্যা না থাকায় মহারাষ্ট্রে সরকার গড়বে না তাঁরা। এরপরই শিবসেনার পরিষদীয় নেতা একনাথ শিন্ডেকে সরকার গড়তে ডাকেন রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি। তাছাড়া রবিবারই শিবসেনাকে শরদ পওয়ারের দল এনসিপি শর্ত দেয়, এনসিপি-র সমর্থন পেতে গেলে ছাড়তে হবে এনডিএ-র সঙ্গ। এমতাবস্থায় আরও তলানিতে পৌঁছল বিজেপি-শিবসেনা সম্পর্ক। কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত।
সোমবার সকালে শিবসেনা সাংসদ তথা কেন্দ্রীয় ভারী শিল্প এবং পাবলিক এন্টারপ্রাইজ মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত ঘোষণা করেছেন, কেন্দ্রের এনডিএ সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে ছিলেন অরবিন্দ সাওয়ান্ত। সোমবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অরবিন্দ সাওয়ান্ত লিখেছেন, ‘সেনার অবস্থান সত্য? মিথ্যা পরিবেশে আমি কেন দিল্লিতে থাকব? আমি কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি।’ অরবিন্দ সাওয়ান্তের মতে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে, ক্ষমতা এবং আসন ভাগ করা নিয়ে একটি ফর্মুলা তৈরি করা হয়েছিল। শিবসেনা এবং বিজেপি উভয়েই তাতে সম্মত হয়েছিল। অপর একটি টুইটে সাওয়ান্ত লিখেছেন, ‘কিন্তু এখন, সমস্ত কিছু অস্বীকার করা হচ্ছে এবং শিবসেনাকে মিথ্যে প্রমাণিত করার প্রচেষ্টা চলছে। যা অত্যন্ত বেদনাদায়ক। প্রসঙ্গত, যে কোনও মূল্যে মহারাষ্ট্রে শিবসেনা মুখ্যমন্ত্রীই চাইছেন উদ্ধব ঠাকরে। শিবসেনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কেউ তাঁদের কাছে শত্রু নয়। রাজনৈতিক মহলে গুঞ্জন, এনসিপি ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়তে পারে শিবসেনা। বিজেপির মতে, যদি এমন হয় তাহলে জনাদেশকে অপমান করা হবে।


