বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকনের উপস্থিতিতে শিলচর আবর্ত ভবনে এপিডিসিএল-এর পর্যালোচনা সভা

2 - মিনিট |

গ্রাহক হয়রানি বরদাস্ত নয়, সৌরশক্তিতে স্বনির্ভরতায় জোর বিদ্যুৎ মন্ত্রী ফুকনের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এপিডিসিএল বিভাগকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে শিলচর আবর্ত ভবনে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল। শনিবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী প্রশান্ত ফুকনের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে বিভাগের শীর্ষ আধিকারিকরা বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনায় অংশ নেন।

বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী স্পষ্ট ভাষায় নির্দেশ দেন যে, বিদ্যুৎ পরিষেবা পেতে গিয়ে সাধারণ গ্রাহকরা যাতে কোনওভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। পরিষেবার মানোন্নয়ন, গ্রাহক অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। মন্ত্রী বলেন, জনগণের সেবাই বিভাগের মূল লক্ষ্য হওয়া উচিত এবং এতে কোনও শিথিলতা কাম্য নয়।

বিশেষভাবে ‘পিএম সূর্য ঘর’ (সোলার সিস্টেম) প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, অসম বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত নয়, ফলে রাজ্যকে বহিঃরাজ্যের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। এই নির্ভরশীলতা কমিয়ে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করে তুলতে সৌরশক্তির বিকল্প নেই। তাই পিএম সূর্য ঘর প্রকল্পকে জনমানসে জনপ্রিয় করে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে গতি আনতে বিভাগীয় আধিকারিকদের কার্যকর উদ্যোগ নেওয়ার কড়া নির্দেশ দেন তিনি।

পরিকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রশান্ত ফুকন বলেন, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকীকরণ সময়ের দাবি। ট্রান্সফর্মারগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দ্রুত পরিবর্তনের ব্যবস্থার পাশাপাশি নতুন প্রকল্পের বিস্তারিত প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশ দেন তিনি। বৈঠকে পাওয়ার সেফটি, রাজস্ব আদায় এবং স্মার্ট মিটার স্থাপনসহ আরডিএসএস (RDSS), এআইআইপি (AIIP) ও এইচভিডিএস (HVDS)-এর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে মন্ত্রী ও আধিকারিকদের মধ্যে বিশদ মতবিনিময় হয়।

এদিনের গুরুত্বপূর্ণ এই পর্যালোচনায় উপস্থিত ছিলেন এপিডিসিএল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার আবু জাহিদ সুলেমান, এজিএম অরূপ পাল, এজিএম বাপি দাস, এজিএম (প্রজেক্ট) অরিজিৎ দাসসহ বিভাগীয় অন্য আধিকারিকরা।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news