প্রশাসনের নীরবতায় বাড়ছে রোগ-আতঙ্ক
অজিত দাস
বিষ্ণুপুর : ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। ‘জলই জীবন’—এই মৌলিক সত্যকে সামনে রেখেও দীর্ঘদিন ধরে গ্রামে নিরাপদ পানীয় জলের কোনো স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে বাধ্য হয়েই গ্রামের মানুষ একটি ছোট নালার নোংরা ও অপরিশোধিত জল ব্যবহার করে জীবনধারণ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নালার জলই বর্তমানে গ্রামবাসীদের একমাত্র ভরসা। একই জল দিয়ে কাপড় ধোয়া, বাসন পরিষ্কারসহ দৈনন্দিন নানা কাজ করতে হচ্ছে। এমনকি বহু পরিবার সেই জল পান করতেও বাধ্য হচ্ছে। এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনায় আতঙ্কিত গোটা গ্রাম।
গ্রামবাসীদের অভিযোগ, বিষ্ণুপুর গ্রামে এখনো পর্যন্ত সরকারি নলকূপ, পাইপলাইনের জল কিংবা পরিশোধিত পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই। স্নানের জন্যও বহু মানুষকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে ওই নালার কাছে যেতে হয়। এর ফলে নারী ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে।
স্থানীয়দের আরও দাবি, একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর জল ব্যবহার করেই জীবনযাপন করতে হচ্ছে গ্রামবাসীদের।
এলাকাবাসীর একটাই জোরালো দাবি—অতিসত্ত্বর বিষ্ণুপুর গ্রামে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা হোক। ‘জলই জীবন’—এই মৌলিক অধিকার থেকে যেন আর কোনো মানুষ বঞ্চিত না থাকে, সেই আশাতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষ্ণুপুর গ্রামের জনগণ।
Promotional | North East Integration Rally



