ঐক্য ও ভাষার মর্যাদার বার্তা নিয়ে ১৯ মে শিলচরে জনজোয়ারের প্রস্তুতি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : আসন্ন ১৯ মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে শিলচরে এক মহামিছিলের আয়োজন করেছে “১৯শে মে মহামিছিল পরিচালন কমিটি”। এই উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠকদের বক্তব্যে বলা হয়, প্রতিটি ঐতিহাসিক দিনের নিজস্ব তাৎপর্য রয়েছে। ১৯৬১ সালের ১৯ মে মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে ১১ জন ভাষা শহিদ আত্মবলিদান করেছিলেন। তাঁদের আত্মত্যাগকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতেই এই সম্মিলিত মহামিছিলের আয়োজন করা হয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, অখণ্ড বাঙালি জাতিসত্তা ও বহুভাষিক সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে সব ধর্ম ও ভাষাভাষী মানুষকে এই মহামিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। আয়োজকদের মতে, এই মিছিল হবে ঐক্য, সম্প্রীতি ও ভাষা শহিদদের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।
সাংবাদিক সম্মেলনে আরও উল্লেখ করা হয়, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে ১৯ মে সকালে তারাপুর রেলস্টেশনে সীমিত উপস্থিতিতেই ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এতে দেশ-বিদেশ থেকে আগত অতিথিদের মধ্যেও হতাশার সৃষ্টি হয়। তাই এবছর থেকে উনিশের সকালে জনজোয়ার সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা স্পষ্ট ভাষায় জানান, এই কর্মসূচির পিছনে কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা নেই, বরং রয়েছে আন্তরিক প্রয়াস ও সম্মিলিত উদ্যোগের ভাবনা। মহামিছিলকে সফল করতে বিভিন্ন ক্লাব, সংগঠন, বিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এবং সবার কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানানো হয়।
সাংবাদিকদের মাধ্যমে শিলচরবাসীর প্রতি আন্তরিক আবেদন জানিয়ে আয়োজকরা বলেন, সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণেই এই মহামিছিল সার্থক হয়ে উঠবে।



