আরটিআই জবাবে প্রশ্ন তুলল বিডিএফ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর: ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক এক আরটিআই-এর জবাবে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়নি। এই তথ্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)।
এডভোকেট ধর্মানন্দ দেবের করা আরটিআই-এর জবাবে প্রাপ্ত এই তথ্যকে “বিভ্রান্তিমূলক” বলে মন্তব্য করেছেন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, এতদিন ধরে জানা যাচ্ছিল যে রেলমন্ত্রক নীতিগতভাবে সম্মতি জানিয়ে রাজ্য সরকারকে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রস্তাব পাঠাতে বলেছে। কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী, সেই প্রক্রিয়াই নাকি শুরু হয়নি।
জয়দীপ প্রশ্ন তোলেন, যদি কোনও আনুষ্ঠানিক প্রস্তাবই না পাঠানো হয়ে থাকে, তাহলে কেন্দ্র কীসের ভিত্তিতে এই বিষয়ে বিবেচনা করবে বা সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, কিছুদিন আগে শিলচরের বর্তমান রাজ্যসভা সাংসদ সংসদে এই বিষয়টি উত্থাপন করেছিলেন। এর আগে তাঁর প্রয়াত পিতাও, যিনি বরাকের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই দাবিতে সরব হয়েছিলেন। কিন্তু যদি প্রস্তাবই না পাঠানো হয়ে থাকে, তাহলে সেই বক্তব্যগুলির ভিত্তি কী ছিল তা নিয়েও প্রশ্ন ওঠে।
বিডিএফ-এর দাবি, আরটিআই-এর তথ্য অনুযায়ী প্রথমে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোই ছিল জরুরি পদক্ষেপ। অথচ সেই দিকেই গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
জয়দীপ ভট্টাচার্য বলেন, এই নতুন তথ্য বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এবং বরাকবাসীর দীর্ঘদিনের এই দাবিকে ঘিরে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা মেনে নেওয়া যায় না। তিনি স্থানীয় সাংসদদের অবিলম্বে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দেওয়ার দাবি জানান।
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, দিশপুরে ক্ষমতায় আসা কোনও সরকারই এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। অতীতেও বিভিন্ন স্তরে উদ্যোগের কথা শোনা গেলেও, বাস্তবে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁর। বরাকবাসীর আবেগ জড়িত এই দাবি নিয়ে “লুকোচুরি খেলা” ভাষা শহিদদের অপমান বলেও মন্তব্য করেন তিনি।
বিডিএফ-এর আহ্বায়ক হৃষীকেশ দে এক প্রেস বার্তায় জানান, দ্রুত এই বিভ্রান্তির অবসান ঘটানো জরুরি। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, আগামী ১৯ মে-র আগেই নতুন সরকারকে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।



