যুগ্ম স্বাস্থ্য অধিকর্তাকে স্মারকপত্র
অজিত দাস
শিলচর-ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে জোরদার অভিযানের দাবি জানাল বরাকের আওয়াজ। শিলচরের শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ। বৃহস্পতিবার কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে এক স্মরকপত্র দিয়ে জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে অভিযান চালানোর জোরদার দাবি জানিয়েছে সংগঠন।
প্রতিটি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙিয়ে রাখারও বিশেষ দাবি জানানো হয়েছে বরাকের আওয়াজের পক্ষ থেকে। সম্প্রতি শিলচরের ঐতিহ্যবাহী শিব সুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামের এক ভুয়ো ডাক্তারকে আটক করেছে পুলিশ। এমন ঘটনায় গোটা উপত্যকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।
জেলায় আরও এমন ভুয়ো ডাক্তার থাকার সন্দেহ করছে বরাকের আওয়াজ। সংগঠনের কর্মকর্তারা আজ কাছাড় জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করে এ ব্যাপারে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। শিলচর শহর সহ গ্রামাঞ্চলের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে অভিযান চালালে এমন আরো ভুয়ো ডাক্তার বের হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বরাকের আওয়াজের কর্মকর্তারা দাবি করেছেন।
একই সঙ্গে ভুয়ো ডাক্তার পুলক মালাকার যেসব রোগীর অস্ত্রোপচার করেছেন তাদের ফের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য যুগ্ম স্বাস্থ্য অধিকর্তার কাছে দাবি জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের দাবিগুলো মেনে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা।
জেলার প্রতিটি বেসরকারি নার্সিংহোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা টাঙানো হবে বলেও তিনি বরাকের আওয়াজকে আশ্বাস দিয়েছেন।বরাকের আওয়াজের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণ কংশ বণিক, রাতুল ভট্টাচার্য, অনুপ দেব,মনোজ কান্তি দাস, জয়দীপ দত্ত, রুদ্র প্রসাদ দাস, ঝংকার পাল ও সৌমিত্র দত্ত রায় সহ অন্যান্যরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



