অক্টোবর মাসে বিক্রি হয়েছে ১৪১, ৫৫০ টি। তার মধ্যে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ১৩৯, ১২১টি।
কে আর সি টাইমস ডেস্ক
মন্দা কাটিয়ে বিক্রি বাড়ল মারুতি সুজুকির। শুক্রবার এই সুখবর দিয়ে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয় গত অক্টোবর মাসে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকির গাড়ির বিক্রি দেশের বাজারে ২.৫০ শতাংশ বেড়েছে।
কয়েকমাস ধরেই মন্দা চলছে গাড়ি শিল্পে। বেশ কয়েকটি গাড়ি কারখানা বন্ধ রাখা হয়েছে। ওই শিল্পে ছাঁটাই হয়েছেন বহু লোক। তবে উত্সবের মরসুমে ২.৫০ শতাংশ বেড়েছে মারুতি সুজুকির গাড়ির বিক্রির হার। অক্টোবর মাসে দেশে দুর্গাপুজো ও দেওয়ালি উত্সব পালিত হয়। এবছরের গাড়ির বিক্রির এই তথ্য দিয়ে শুক্রবার মারুতি সুজুকির পক্ষ থেকে জানান হয় গত বছরের অক্টোবর মাসে ১৩৮, ১০০টি গাড়ি বিক্রি হয়েছিল। এবারের অক্টোবর মাসে বিক্রি হয়েছে ১৪১, ৫৫০ টি। তার মধ্যে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ১৩৯, ১২১টি। বিদেশে গাড়ি রফতানি বেড়েছে ৫.৬৮ শতাংশ। অক্টোবরে মোট ৯ হাজার ১৫৮টি গাড়ি রফতানি করা হয়েছে। নিউ ওয়াগনার, সেলেরিও, ইগনিস, সুইফট, বালেনো এবং ডিজায়ার মডেল বিক্রি হয়েছে মোট ৭৫,০৯৪টি। ওই মডেলগুলির বিক্রি বেড়েছে ১৫.৯১ শতাংশ। ছোট গাড়ির মধ্যে ওল্ড ওয়াগনার, এস-প্রেসো এবং অলটো-র বিভিন্ন মডেলের বিক্রি কমেছে ১৩.০৯ শতাংশ। ওই মডেলের গাড়িগুলি বিক্রি হয়েছে মোট ২৮,৫৩৭ টি। মারুতি সুজুকির শেয়ারের দাম বেড়েছে ১.২০ শতাংশ।


