মাসের শেষে বরাক সফরে আসতে পারেন হিমন্ত, প্রস্তুতি বৈঠকে একাধিক প্রকল্পের পর্যালোচনা

< 1 - মিনিট |

মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল; অসম সচিবালয়, সড়ক যোগাযোগ ও তিন জেলার বিভিন্ন পরিকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর: মাসের শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্ভাব্য বরাক উপত্যকা সফরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। সোমবার অসম সচিবালয়ে বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সফরের প্রস্তুতি এবং অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

বৈঠকে বরাক উপত্যকায় নির্মীয়মাণ অসম সচিবালয় কমপ্লেক্সের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি—এই তিন জেলার সড়ক যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। চলতি এবং প্রস্তাবিত একাধিক পরিকাঠামো প্রকল্পের বর্তমান অবস্থাও বৈঠকে খতিয়ে দেখা হয়।

বৈঠকের পর কৃষ্ণেন্দু পাল বলেন, মাসের শেষে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করতে বৈঠক করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব দফতরের মধ্যে সমন্বয়ের উপরও জোর দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, অসম সচিবালয়, বরাক উপত্যকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং অন্যান্য পরিকাঠামো প্রকল্পের কাজ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব কাজ এখনও বাকি রয়েছে, সেগুলি দ্রুত শেষ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে বরাক উপত্যকা উন্নয়ন দফতরের যুগ্মসচিব পঙ্কজ কুমার ডেকা ও খালেদা আহমেদ, কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক ডেভিড বরা এবং NHIDCL, পূর্ত দফতর, সড়ক ও ভবন শাখার পাশাপাশি বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

কৃষ্ণেন্দু পাল আধিকারিকদের চলতি প্রকল্পগুলির কাজে গতি আনা, বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করা এবং মুখ্যমন্ত্রীর সফরের আগে সব প্রস্তুতি সময়মতো শেষ করার নির্দেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news