‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা অভিযান’-এ চেক বিতরণ

< 1 - মিনিট |

১৫ দিনের মধ্যেই বরাক উপত্যকায় চেক বিতরণ সম্পন্ন হবে : মুখ্যমন্ত্রী

অজিত দাস

শিলচর : কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার বরজালেঙ্গা পাইওনিয়ার সংঘ ময়দানে আজ ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা অভিযান’-এর অধীনে প্রায় ২০,০৯৯ জন মহিলার হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মহিলারা এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে সফলভাবে ব্যবসা গড়ে তুলতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫ হাজার টাকা, এরপর ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলাকে ‘লাখপতি বাইদেউ’ হিসেবে গড়ে তোলা।

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ধলাই বিধানসভা এলাকায় অতিরিক্ত ৩ হাজার মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি থেকে কলেজছাত্রীদের মতো কলেজের ছাত্ররাও সরকারি আর্থিক সহায়তা পাবে। চা-বাগান এলাকায় বসবাসকারী পরিবারদের জমির পট্টা বিতরণের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বরাক উপত্যকায় উদ্যোগ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে খুব শীঘ্রই একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যেই বরাক উপত্যকার সকল উপভোক্তার মধ্যে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা’ প্রকল্পের চেক বিতরণ সম্পন্ন হবে।

শিলচর প্রস্তাবিত উড়ালসেতু প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যথেষ্ট জনসমর্থন পাওয়া গেলে উড়ালসেতুর নির্মাণ শুরু হবে। তিনি সতর্ক করেন, বিরোধিতা অব্যাহত থাকলে প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়তে পারে।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news