রাষ্ট্রীয় পর্যায়ে সংবর্ধিত কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের প্রধান ডা. শবনম

2 - মিনিট |

অভিনন্দন ব্লাড ডোনার্স ফোরামের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

বরাক উপত্যকার জন্য একটি অত্যন্ত আনন্দ ও গর্বের খবর যে রাষ্ট্রীয় পর্যায়ে সংবর্ধিত হলেন কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার – ব্লাড সেন্টারের প্রধান তথা মেডিকেল অফিসার ডা.শবনম বাহার বড়ভূইয়া। গত ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হলদিয়ার আই.আই.এম.এস.এ.আর. ও ডা. বি.সি. রায় হাসপাতালে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব রুরাল সার্জনস অব ইন্ডিয়ার ৩০তম বার্ষিক অধিবেশনে ডা. শবনম বাহার বড়ভূঁইয়াকে ‘চ্যাম্পিয়ন অব রুরাল সার্জারি’ সম্মানে ভূষিত করা হয়।

সারা দেশের পাঁচ জন চিকিৎসক এবং পাঁচ জন প্যারামেডিকেল কর্মীকে এই সম্মান প্রদান করা হয়। চিকিৎসক হিসেবে উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র ডা. সবনমকেই মনোনীত করা হয়। উল্লেখ্য যে বিগত কয়েক বছর থেকে বরাক উপত্যকার গ্রাম-শহর সর্বত্র স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে প্রসারিত করতে ডা. সবনমের নিরলস ও দৃষ্টান্তমূলক ভূমিকার জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

ডা. শবনম বাহার বড়ভূঁইয়ার এই অনবদ্য প্রাপ্তিতে সন্তোষ ও আনন্দ ব্যক্ত করেছে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি ফোরামের পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে ডা. সবনম বাহার বরভূইয়াকে অভিনন্দিত করতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডা. শবনমকে প্রথমেই উত্তরীয় পরিয়ে অভিনন্দিত করেন ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল।

কেন্দ্রীয় কমিটির পক্ষে পুষ্পস্তবক তাঁর হাতে তুলে দেন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যথাক্রমে ড. মনোজ কুমার পাল, আশু পাল ও অনুপ দত্ত। তারপর ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল ও সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্তের স্বাক্ষরিত একখানি অভিনন্দন স্মারক ফোরামের সকল সদস্যরা মিলে তুলে দেন ডা. শবনমের হাতে।

এদিন ব্লাড সেন্টারের কর্মীদের পক্ষ থেকে ডা. সবনমকে দিয়ে একটি কেকও কাটানো হয়।ডা. সবনম বাহার বরভূইয়া এদিন তার অনুভব ব্যক্ত করে বলেন যে ফোরামের এই ভালবাসায় তিনি আপ্লুত।তিনি তাঁর এই প্রাপ্তির কৃতিত্ব দেন সকল রক্তদাতা, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্লাড সেন্টারের কর্মীদের।বিশেষভাবে কৃতজ্ঞতা জানান বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে তাদের ব্লাড সেন্টারের পাশে থাকার জন্য ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য।

এদিন ডা. শবনমকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক আশু পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল ও ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার ডা. দিলোয়ার হুসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত। অন্যান্যদের মধ্যে ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি নবেন্দু নাথ, মহিলা শাখার পক্ষে গৌরী দেবনাথ ও দীপশিখা পাল চৌধুরী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news