স্পষ্টীকরণের দাবি বিডিএফের
অজিত দাস
শিলচর : কাছাড় জেলার লক্ষীপুর মহকুমার বিভিন্ন গ্রাম ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বরাক উপত্যকাজুড়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে অবিলম্বে স্পষ্টীকরণ দেওয়ার দাবি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)।
বুধবার শিলচরে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বিডিএফ প্রধান প্রদীপ দত্তরায় বলেন, বরাক উপত্যকা শান্তি ও ভ্রাতৃত্বের দ্বীপ। এখানে বহু ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে সুসম্পর্ক বজায় রেখে একত্রে বসবাস করে আসছেন। “বরাকে কখনোই দাঙ্গা হয়নি, ভবিষ্যতেও হবে না,” — মন্তব্য করেন দত্তরায়। তবে সাম্প্রতিক সময়ে মন্ত্রী কৌশিক রায় ও মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।
বিডিএফের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ জানানো হয়, বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করে জনমনে শান্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। এছাড়া, অসম সাহিত্য সভার তৃতীয় কার্যনির্বাহী সভা শিলচরে সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় প্রদীপ দত্তরায় বরাকের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি সাহিত্য সভাকে আগামীতে ব্রহ্মপুত্র উপত্যকায় বঙ্গ সাহিত্য সম্মেলন আয়োজনের আহ্বান জানান।
ভাষা শহিদ স্টেশন নামকরণসহ বরাকের বিভিন্ন গণদাবিতে অসম সাহিত্য সভার পূর্ণ সমর্থনের জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এদিন প্রদীপ দত্তরায় রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকেও ধন্যবাদ জানান — তিনি অসম সাহিত্য সভার অধিবেশনে বরাকের আবেগের প্রতিফলন ঘটিয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় একাদশ ভাষা শহিদের স্মারক নির্মাণের প্রস্তাব উত্থাপন করেছেন বলে উল্লেখ করেন বিডিএফ প্রধান। বিডিএফের দাবি, বরাকের জনগণের একটাই দাবি — ন্যায্য অধিকার ও মর্যাদা। এই দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান প্রদীপ দত্তরায়।
Promotional | North East Integration Rally



