সঙ্গীত, নৃত্য ও কবিতায় ভরপুর মনোরম সন্ধ্যা
অজিত দাস
শিলচর : ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে আয়োজিত ‘বিজয়া দীপাবলি সম্মিলন’ – সঙ্গীত, নৃত্য ও কবিতায় ভরপুর মনোরম সন্ধ্যা।‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’-এর উদ্যোগে শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বিজয়া দীপাবলি সম্মিলন’। উৎসবের আবহে এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলেন উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্লাবের গাইডিং লায়ন সঞ্জীব রায়, ক্লাবের সম্পাদক অনুপ রায়, প্রকল্প চেয়ারপার্সন দেবশ্রী চৌধুরী ও পিংকি সিং, এবং ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়।
উদ্বোধনের পর প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্গ-এর জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তনুশ্রী দেব। এরপর কচিকাঁচাদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত ও কবিতা দিয়ে সাজানো এক মনোরম সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়।
ক্লাবের পক্ষ থেকে গ্রামীণ এলাকার শিল্পীদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় এই অনুষ্ঠানে। তাঁদের মধ্যে সঙ্গীতশিল্পী বন্হিশিখা দাস ও সুপ্রিয়া দাস, নৃত্যশিল্পী মনীষা দাস, নিবেদিতা দাসসহ অন্যান্য শিল্পীরা তাঁদের অসাধারণ পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করেন।
শহরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী শর্মিষ্ঠা দাস চাকি, সুস্মিতা হোম চৌধুরী এবং ড. মনোজ সিং তাঁদের মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে তোলেন। কবিতা পাঠে অংশ নেন প্রখ্যাত বাচিক শিল্পী শ্যামলী ভট্টাচার্য পাল ও সুপ্রভা রাজকুমারী।
অনুষ্ঠানে আরও অংশ নেন উপাসনা দেব, সৃষ্টি ভট্টাচার্য, অংশুমান দে, দীপশিখা দে, তুলসী দাস, নৃত্য ভারতী কলাক্ষেত্র ও নির্বাণ নৃত্য একাডেমির শিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে অঙ্কিতা চক্রবর্তীর নেতৃত্বে ধামাইল মণ্ডলীর পরিবেশনা দর্শকদের মাতোয়ারা করে তোলে।
বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অপ্রতিম নাগ, উত্তম সাহা, মৌমিতা গুপ্ত, শিল্পী ভট্টাচার্য, সুর্পনা রাজকুমারী, প্রণয় নাগ, সাহাব উদ্দিন আহমেদ, আহাদ বরভুইয়া, মনি সিং ও মান্না দত্ত প্রমুখ।
অনুষ্ঠানের মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে এই আয়োজনে সহযোগিতা ও উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।



