দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কিছু এলাকায় দোকান বন্ধ থাকলেও অনেক জায়গায় ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ছিল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও সংযুক্ত কিষান মোর্চার যৌথ মঞ্চের ডাকে আয়োজিত সাধারণ ধর্মঘটে শিলচরসহ কাছাড় জেলায় আংশিক প্রভাব লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকালের দিকে জনজীবনে স্থবিরতা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
এদিন শিলচরের সরকারি দপ্তরগুলোতে কর্মীদের উপস্থিতি ছিল যৎসামান্য। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিষেবা প্রায় বন্ধ থাকলেও রেল চলাচল ছিল স্বাভাবিক। ধর্মঘটীরা মূলত নয়া শ্রম কোড বাতিল, কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টি, ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি করে ৬০০ টাকা করা এবং চা শ্রমিকদের পাট্টা প্রদানসহ বিভিন্ন দাবিতে এই বনধের ডাক দিয়েছিলেন।
শহরের বিভিন্ন মোড়ে পিকেটিং চললেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শিলচর শহরে হালকা যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বড় গাড়ির চাকা ছিল বন্ধ। দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কিছু এলাকায় দোকান বন্ধ থাকলেও অনেক জায়গায় ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ছিল।



