আগুনে ভস্মীভূত হল একটি ওয়ার্কশপসহ একাধিক গাড়ি
অজিত দাস
শিলচর : শিলচরের রামনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হল একটি ওয়ার্কশপসহ একাধিক গাড়ি। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে—দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দিয়েছে।
গত কাল গভীর রাতে শিলচরের রামনগরে ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। রামনগরে অবস্থিত জাম জাম মটরস নামে একটি ওয়ার্কশপে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হঠাৎ আগুন দেখে পথচারীরা খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ১০টিরও বেশি দমকল ইঞ্জিন।
পাশাপাশি হাজির হন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো ও পুলিশের বিশাল বাহিনী। টানা কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সম্পূর্ণ ওয়ার্কশপ সহ ভেতরে থাকা প্রায় ৮টি গাড়ি পুড়ে যায়। ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওয়ার্কশপের মালিক আক্তার হোসেন অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তার ওয়ার্কশপে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ প্রতিদিনই সেখানে রাতের প্রহরী থাকেন। কিন্তু ঘটনাস্থলে ওই সময় প্রহরী উপস্থিত ছিলেন না। তাই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন আক্তার হোসেন।
Promotional | North East Integration Rally


