ভুয়া মৃত্যুসংবাদে তাঁরা ভীষণ মানসিক চাপে রয়েছেন এবং সামাজিক সম্মানহানির শিকার হচ্ছেন
অজিত দাস
শিলচর : রংপুর চতুর্থ খণ্ড রাজপথের বাসিন্দা এনাম উদ্দিন লস্কর এ ঘটনায় শিলচর সদর থানার অন্তর্গত রংপুর পুলিশ আউটপোস্টে লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযোগপত্রে এনাম উদ্দিন উল্লেখ করেছেন, কয়েক দিন আগে জায়েদ ইসলাম লস্কর ওরফে বাপোনা লস্কর-এর মোবাইল নাম্বার থেকে তাঁর ফোনে একটি ভিডিও নিউজ আসে। সেই ভিডিওতে জিরিবামের এক ব্যক্তির মৃত্যুসংবাদ দেখানো হলেও এডিটিং করে সেখানে তাঁর (এনাম উদ্দিনের) ছবি বসানো হয়। পরবর্তীতে ভুয়া ভিডিওটি হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে প্রচার করা হয়।
আজ এক সাংবাদিক সম্মেলনে এনাম উদ্দিন লস্কর ও তাঁর স্ত্রী জানান— ওই ভুয়া মৃত্যুসংবাদে তাঁরা ভীষণ মানসিক চাপে রয়েছেন এবং সামাজিক সম্মানহানির শিকার হচ্ছেন। এমনকি ব্যবসার কাজে বাইরে থাকাকালীন এই খবর ছড়িয়ে পড়লে তাঁর মা শোকে অসুস্থ হয়ে পড়েন।
খবরটি ছড়িয়ে পড়ার পর বহু আত্মীয়-স্বজন ফোনে যোগাযোগ করেন, এমনকি অনেকেই সরাসরি বাড়িতে গিয়েও খোঁজখবর নেন। এতে মানসিকভাবে আরও ভেঙে পড়েন এনাম উদ্দিন। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে উল্টে তাঁকে হুমকি দেওয়া হয়। অভিযুক্ত দাবি করে— “কেউ কিছু করতে পারবে না।”
এনাম উদ্দিন লস্কর পুলিশের কাছে দাবি জানিয়েছেন, অবিলম্বে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন “আমি যদি রাস্তাঘাটে বা অন্য কোথাও কোনও বিপদের শিকার হই, তবে এর সম্পূর্ণ দায়ভার ওই ব্যক্তিকেই নিতে হবে।”
Promotional | North East Integration Rally


