এই চাঞ্চল্যকর ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : বর্ষবরণের আবহে যখন চারিদিকে উৎসবের আমেজ, ঠিক তখনই শিলচর রেল স্টেশনে এক বিষাদময় ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। বুধবার বিকেলে তিরুবনন্তপুরম থেকে আসা অ্যারোনাই এক্সপ্রেসের একটি সাধারণ কামরা থেকে উদ্ধার করা হয়েছে এক যুবতীর নিথর দেহ। এই চাঞ্চল্যকর ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে অ্যারোনাই এক্সপ্রেস শিলচর স্টেশনে পৌঁছানোর পর সাধারণ যাত্রীরা নিয়মমাফিক নেমে যান। এরপর রেলকর্মীরা যখন ট্রেনের কামরাগুলি পরিদর্শনে যান, তখন ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনের সাধারণ বগির (কোচ নম্বর: GS236317/C) একটি আসনে ওই যুবতীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। রেলকর্মীরা দ্রুত খবর দিলে জিআর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
মৃত যুবতীর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে একটি ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। সেই সূত্রেই জানা যায়, মৃতার নাম জমিরন বেগম (৩১)। তিনি কামরূপ জেলার হাজোর শৌলমারা এলাকার বাসিন্দা। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এই দুঃসংবাদ পৌঁছে দেয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জমিরন বেগম গত প্রায় এক মাস আগে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যেই তিনি ট্রেনে উঠেছিলেন। কিন্তু তাঁর গন্তব্য গুয়াহাটি হওয়া সত্ত্বেও কেন তিনি সেখানে না নেমে সরাসরি শিলচর চলে এলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বুধবার রাতেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেহটি পরিবারের হাতে তুলে দিয়েছে। ঠিক কী কারণে ট্রেনের কামরায় তাঁর মৃত্যু হলো কিংবা কেন তিনি গুয়াহাটি স্টেশনে নামতে পারেননি, সে বিষয়ে পুলিশি তদন্ত জারি রয়েছে।
Promotional | North East Integration Rally




