শিলচরে প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণে সকলের সহযোগিতা দাবি ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির

2 - মিনিট |

বাগড়া দিচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তি: প্রাক্তন বিধায়ক দিলীপ পাল

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচরে বহু প্রতীক্ষিত ও অনুমোদিত এলিভেটেড ফ্লাইওভার প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার শহরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে এক বিশাল নাগরিক জমায়েত অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি, শিলচর’-এর উদ্যোগে বিভিন্ন এনজিও, সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে একটি যৌথ স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, অসমের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বরাক উপত্যকার প্রধান প্রবেশদ্বার হিসেবে শিলচর দ্রুত নগরায়ন ও ক্রমবর্ধমান যানবাহনের কারণে দীর্ঘদিন ধরেই তীব্র যানজটের সমস্যায় জর্জরিত। বিদ্যমান সড়ক পরিকাঠামো বর্তমান ট্রাফিকের চাপ সামলাতে অক্ষম হওয়ায় নিয়মিত যানজট, কর্মঘণ্টা নষ্ট, সাধারণ মানুষের ভোগান্তি, জরুরি পরিষেবায় বিঘ্ন এবং পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতির সমাধানে শহরের যানজট নিরসন, মসৃণ যান চলাচল নিশ্চিত করা এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ২০১৫ সালে এলিভেটেড ফ্লাইওভার প্রকল্পটি অনুমোদিত হয়েছিল, যা শিলচরের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন। তবে অনুমোদনের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত প্রকল্পের কাজ শুরু না হওয়ায় নাগরিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Know More – Connect with Us

জমায়েতে অংশগ্রহণকারীরা ফ্লাইওভারের কাজ অবিলম্বে শুরুর দাবিতে স্লোগান দেন। ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির পক্ষ থেকে এদিন সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়, যেখানে বিভিন্ন ভাষা-জনগোষ্ঠীর মানুষ সহ পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মুখ্যমন্ত্রীকে পেশ করা স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে- শিলচরে এলিভেটেড ফ্লাইওভার প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করা। একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করে প্রকল্পটি দ্রুত সম্পন্ন করা ও সংশ্লিষ্ট দফতরগুলিতে কোনও প্রশাসনিক বা কারিগরি জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা।

শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, শহরের উন্নয়নের স্বার্থে মানুষকে আজ রাস্তায় নামতে হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি অভিযোগ করেন, ভালো কাজের পথে শত বাধা আসে, আর শিলচরের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক শক্তি বাগড়া দিচ্ছে। তাঁর দাবি, ২০১৫ সালে যখন এই ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন তৎকালীন বিরোধী দল কংগ্রেস এই প্রকল্পকে ‘স্বর্গের সিঁড়ি’ বলে ব্যঙ্গ করেছিল।

কিন্তু বর্তমান সরকার ফ্লাইওভার নির্মাণের অনুমোদন দেওয়ার পরই ফের একাংশ মানুষের মধ্যে বিরোধিতা শুরু হয়েছে। দিলীপ পাল আশঙ্কা প্রকাশ করেন, এই বিরোধিতার নেপথ্যে কংগ্রেস এবং কিছু বামপন্থী নেতা জড়িত থাকতে পারেন। তিনি আক্ষেপ করে বলেন, গোটা দেশে যেখানে হাজার হাজার ফ্লাইওভার রয়েছে (যেমন গুয়াহাটিতে ২৫ থেকে ২৬টি নির্মিত হয়েছে এবং আরও ৬টির কাজ চলছে), সেখানে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের উন্নয়ন আজ বাঁধার মুখে পড়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তিনি বিরোধিতাকারীদের শহরের উন্নয়নের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান।

ফ্লাইওভার ইমপ্লিমেন্টেশন ডিমান্ড কমিটির সম্পাদক অকরাম লক্ষীকান্ত সিংহ বলেন, শিলচর শহরের সার্বিক উন্নয়ন এবং যানজট সমস্যা নিরসনের জন্য এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করা দরকার। তিনি আরও জানান, যতদিন পর্যন্ত নির্মাণকাজ শুরু না হচ্ছে, ততদিন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন ও দাবি জানানো অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি শহরের সার্বিক উন্নয়নের স্বার্থে সকল নাগরিকের সহযোগিতাও কামনা করেন।

এই কর্মসূচিতে পশ্চিম চাঁদমারি কমিটি, ইয়ং বরাক অরগানাইজেশন, অল আসাম মৈতেই ওমেন প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, ড্রিম সেলিব্রেশন এনজিও, বরাকের আওয়াজ, বরাকভ্যালি চেম্বার অব কমার্স অ্যাসোসিয়েশন, মৈতেই চেম্বার অব কমার্স, সেবা ফাউন্ডেশন-সহ বিভিন্ন এনজিও, সাংস্কৃতিক, সামাজিক ও নাগরিক সমাজ সংগঠনের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটির সদস্যরা এবং প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সকলের সহযোগিতা কামনা করে সরকারের কাছে দ্রুত প্রকল্পটির শিলান্যাস করে জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আহ্বান জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news