পরিদর্শনকালে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন শিলচরের সংস্কৃতিকর্মী ও বিভিন্ন নাট্যদলের প্রতিনিধিরা। গত রবিবার রূপমের সাধারণ সম্পাদক নিখিল পালের উদ্যোগে একটি প্রতিনিধি দল নতুন করে নির্মীয়মান জেলা গ্রন্থাগার ভবনের মূল মঞ্চ ও মিনি অডিটরিয়ামের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি উপরের তলার মিনি অডিটরিয়ামের ড্রয়িংও খতিয়ে দেখা হয়। নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযোগী পরিকাঠামো, শব্দব্যবস্থা, মঞ্চসজ্জা ও দর্শকাসনের সুযোগ-সুবিধা যথাযথ রয়েছে কি না—সেই বিষয়েও পর্যালোচনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গতকাল, অর্থাৎ ৭ জানুয়ারি, বিভিন্ন কারিগরি বিষয়ে জানতে পূর্ত বিভাগের সংশ্লিষ্ট বাস্তুকারের সঙ্গেও আলোচনা করেন প্রতিনিধিরা।
এই পর্বে উপস্থিত ছিলেন রূপমের ডঃ বিভাস দেব, রাজকুমার পাল, কল্যাণ পাল, উত্তম সরকার, নীলাঞ্জন পাল; গণসুরের আশীষ ভৌমিক; অঞ্জন স্বামী, রাজকুমার রায়; ভাবীকালের শান্তনু পাল; দশরূপকের চিত্রভানু ভৌমিক; আজকের প্রজন্মের সায়ন বিশ্বাস; কালচারাল ইউনিটের অভিজিৎ ধর; পূবালির সুপ্রিয় ভট্টাচার্য, নিশিথ চক্রবর্তী; নবারুণের সুবীর ভট্টাচার্য-সহ আরও বহু বিশিষ্ট সংস্কৃতিকর্মী।
উল্লেখযোগ্য যে, জেলা গ্রন্থাগারের মূল মঞ্চের পাশাপাশি একটি মিনি অডিটরিয়ামের দাবিতে এর আগেই সরব হয়েছিলেন শিলচরের সংস্কৃতিকর্মীরা। সেই দাবিতে সাড়া দিয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রাই নির্মীয়মান ভবনের টপ-ফ্লোরে মাল্টিপ্লেক্সের প্রাথমিক ভাবনা থেকে সরে এসে দুই থেকে আড়াইশো আসনবিশিষ্ট একটি মিনি অডিটরিয়াম নির্মাণের নির্দেশ দেন। সেই অনুযায়ী বর্তমানে মিনি অডিটরিয়ামের কাজ অনেকটাই এগিয়ে গেছে।
তবে মূল মঞ্চ ও মিনি অডিটরিয়াম যেন নাটকসহ সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য সম্পূর্ণ উপযোগী হয়ে ওঠে, সেই লক্ষ্যে নির্মাণ কাজের অগ্রগতির দিকে নিয়মিত নজর রাখছেন সংস্কৃতিকর্মীরা। এখনও কিছু বিষয়ে সংশয় রয়ে গেছে বলে জানিয়েছেন তাঁরা। আশা প্রকাশ করা হয়েছে, খুব শীঘ্রই মন্ত্রী কৌশিক রাই, জেলা প্রশাসন ও পূর্ত বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলি চূড়ান্ত করা যাবে।
আগামী কয়েকদিনের মধ্যেই বিভাগীয় বাস্তুকারের উপস্থিতিতে অডিটরিয়ামের কাজের অগ্রগতির বিভিন্ন দিক আরও খুঁটিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনগুলির প্রতিনিধিরা। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল।
Promotional | North East Integration Rally



