শিক্ষার্থীদের শৈল্পিক উপস্থাপনায় মুগ্ধ দর্শকরা, সুশিক্ষার ওপর গুরুত্বারোপ ফাদার জন জোসিয়ামার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর৷শিলচর ডন বস্কো হায়ার সেকেন্ডারি স্কুলের জুনিয়র ক্যাম্পাসে বৃহস্পতিবার যথাযোগ্য মৰ্যাদায় পালিত হলো ‘ডন বস্কো দিবস’ ও ‘অভিভাবক দিবস’৷ এক বৰ্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে স্কুল কৰ্তৃপক্ষ৷ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও সিস্টার জাসিন্টার প্ৰাৰ্থনার মধ্য দিয়ে মূল কাৰ্যসূচির সূচনা হয়৷

এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্ৰাপ্ত জেলা ও দায়রা বিচারক মহি উদ্দিন লস্কর৷ প্ৰধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিবি-র (শিলং প্ৰভিন্স) প্ৰাদেশিক ফাদার ড. জন জোসিয়ামা৷ এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের রেক্টর ফাদার জোশ জোসে, অধ্যক্ষ ফাদার সুরজিৎ টিগ্গা, ম্যানেজার ব্রাদার রেগি চেরুকুনেল, উপাধ্যক্ষ ব্রাদার কিরবাসিয়াস ও ব্রাদার লুমলাং এবং সিস্টার জোডি ও সিস্টার জাসিন্টা৷
অনুষ্ঠানের সাংস্কৃতিক পৰ্বে স্কুলের শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন রাজ্যের বৈচিত্র্যময় কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে আকৰ্ষণীয় গান ও নৃত্য পরিবেশন করে৷ শিক্ষার্থীদের এই শৈল্পিক উপস্থাপনা উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্ৰধান অতিথি ফাদার ড. জন জোসিয়ামা বর্তমান যুবসমাজের বিকাশে সুশিক্ষার অপরিহাৰ্যতা নিয়ে আলোকপাত করেন৷ তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে নৈতিক ও গুণগত শিক্ষায় শিক্ষিত করে তোলা একান্ত প্রয়োজন৷’ ডন বস্কো পরিবারের এই সেবামূলক কাজের ধারা আগামীতেও অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে৷

Promotional | North East Integration Rally



