ঐক্য ও সম্প্রীতির নতুন বার্তা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শ্রীভূমি : শ্রীভূমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস। উত্তর-পূর্ব ভারতের সংহতি ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ‘এনইআইআর’(NEIR)-এর এই বিশেষ কর্মসূচি স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষক ও সমাজকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল একটি জাতীয় দিবস উদ্যাপনই নয়, বরং অঞ্চলের ভবিষ্যৎ ও পারস্পরিক সংলাপের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সমাজচিন্তক সতু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন কেআরসি ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি ও সিইও বিশ্বদীপ গুপ্ত, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস, কেআরসি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস, আহ্বায়ক অভিজিৎ দে, অসিত দত্ত, সাংবাদিক অরূপ রায় এবং আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অন্যান্য কর্তৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে সতু রায় বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী অঞ্চলের বিবিধ জনগোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি এনইআইআর-এর এই উদ্যোগকে একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

তাঁর মতে, এ ধরনের কর্মসূচি পারস্পরিক অবিশ্বাস ও পরিচয়ভিত্তিক বিভাজন দূর করে অঞ্চলে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আয়োজকদের সাধুবাদ জানান।
কেআরসি ফাউন্ডেশনের সিইও বিশ্বদীপ গুপ্ত ‘এনইআইআর ২০২৬’-এর রূপরেখা ও লক্ষ্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, গত ৪ জানুয়ারি কলকাতা থেকে শুরু হওয়া এই বিশেষ যাত্রা আগামী ৪ ফেব্রুয়ারি সম্পন্ন হবে। এর মূল উদ্দেশ্য হলো উত্তর-পূর্বাঞ্চলের প্রায় ২০০টি ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংহতি ও সেতুবন্ধন তৈরি করা। তিনি উল্লেখ করেন, গত বছর বরাক উৎসবের সাফল্যের পর এ বছর শ্রীভূমিতে পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি জনসমর্থনের এক অনন্য নজির সৃষ্টি করেছে।

বিশ্বদীপ গুপ্ত আরও বলেন, “আমাদের লক্ষ্য কেবল সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়; কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়াও আমাদের অভিযানের অবিচ্ছেদ্য অংশ। পরিচয়ভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে নতুন প্রজন্মের জন্য একটি কর্মসংস্থানমুখী ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়।”
অনুষ্ঠানে শ্রীভূমির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের জন্য আয়োজিত সচেতনতামূলক কার্যক্রম এবং আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। ছাত্রছাত্রীদের এই অভূতপূর্ব সাড়া আয়োজকদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলে জানান বিশ্বদীপ গুপ্ত।
শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে তাঁর বক্তব্যে এই অঞ্চলের উন্নয়নে বিশ্বদীপ গুপ্তের নিঃস্বার্থ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে সাংবাদিকদের সোচ্চার হওয়া যেমন জরুরি, ঠিক তেমনই বিশ্বদীপ গুপ্তের মতো ইতিবাচক চিন্তাসম্পন্ন নেতৃত্ব এই অঞ্চলের সার্বিক বিকাশে বড় ভূমিকা রাখছে। তিনি এনইআইআর কর্মসূচির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Promotional | North East Integration Rally



