সংস্কৃতি জাতির পরিচয় বহন করে: ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী

< 1 - মিনিট |

রাজ্যের প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতির বিকাশে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে৷ সংস্কৃতি সমৃদ্ধ হলে দেশ ও সমাজ বিকশিত হয়৷ শুক্রবার অমরপুরের ছবিমুড়ায় জমাতিয়া হদা-র এক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এ কথা বলেন৷ 

উপমুখ্যমন্ত্রীর কথায়, জমাতিয়া হদা-র জন্য এখানে যে সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হল সেখান থেকে সঠিক দিশায় সমাজ ও সংস্কৃতির বিকাশে কাজ পরিচালনা হবে৷ এই কাজ পরিচালনা করবেন জমাতিয়া হদারা৷ তাঁর মতে, জমাতিয়া হদা এমন একটা সংগঠন যে সংগঠন সমাজের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে৷ এই সাংস্কৃতিক কেন্দ্রের পরিসর ভবিষ্যতে আরও বড় হবে৷ এদিন উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতির বিকাশে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে৷ প্রতিটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ঘটাতে পারলেই জাতিগোষ্ঠীর পরিচয় রক্ষা করা যাবে৷  উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর বিএসি-র চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া, জমাতিয়া হদা-র অতিথি এবং গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকগণ৷ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেছেন গ্রামোন্নয়ন দফতরের নির্বাহী বাস্তুকার দুর্গাচরণ জমাতিয়া৷ সভাপতিত্ব করেন হদাক্রা পদ্মলীলা জমাতিয়া৷ এই সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ১৭ লক্ষ ২৪ হাজার ২৫৬ টাকা৷ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *