উদ্বেগজনক অবস্থায় অনশনকারীরা, বাড়ছে ক্ষোভ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর। শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের একাধিক সংগঠনের ডাকা আমরণ অনশন মঙ্গলবার ষষ্ঠ দিনে পদার্পণ করতে চলেছে। টানা পাঁচ দিন ধরে সত্যাগ্রহ চললেও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ আন্দোলন কারীদের। কাছাড় জেলা প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখলেও সমস্যা সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। যদিও জনপ্রতিনিধিরা দু-একবার অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন, তবে সুনির্দিষ্ট কোনও প্রতিশ্রুতি না মেলায় নিজেদের দাবিতে অনড় রয়েছেন সত্যাগ্রহীরা।
বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা, ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে গত ১২ ফেব্রুয়ারি থেকে এই দ্বিতীয় দফার আন্দোলন শুরু হয়। অনশনরত পাঁচ সত্যাগ্রহী—গোপিদাস সিনহা, বিজু সিনহা, প্রীতম সিনহা, নমিতা রাজকুমার ও অঞ্জনা শর্মার শারীরিক অবস্থা ক্রমশ উদ্বেগজনক হয়ে পড়ছে।
জানা গেছে, অনশনকারী অঞ্জনা শর্মা গত কয়েক দিনে একাধিকবার সংজ্ঞা হারিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনও সদিচ্ছা বা আনুষ্ঠানিক বার্তা না আসায় আন্দোলনস্থলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। প্রতিদিন বিভিন্ন সংগঠনের শতাধিক সদস্য সংহতি জানিয়ে অনশনকারীদের পাশে এসে দাঁড়াচ্ছেন।
এদিকে, আন্দোলনের পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পরেও সরকারের তরফে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় বরাক উপত্যকার বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শাসক দল বিজেপির বিরুদ্ধে চড়ছে প্রতিবাদের পারদ। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার এই ভাষিক সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবিগুলোকে ক্রমাগত অবহেলা করে যাচ্ছে।
আন্দোলনের অন্যতম প্রধান মুখ গোপিদাস সিংহ ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘সরকার আমাদের প্রতি চরম অবিচার করছে। গত রবিবার জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া শিলচরে উপস্থিত থাকলেও আন্দোলনস্থলে আসার সামান্য সৌজন্যটুকুও দেখাননি।’ তিনি আরও হুঁশিয়ারি দেন, এই উপেক্ষা এবং জনপ্রতিনিধিদের উদাসীনতার যোগ্য জবাব আসন্ন নির্বাচনে ব্যালট বাক্সে দেবে সমাজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই আমরণ চলবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সত্যাগ্রহীরা।



