চরম দুর্ভোগে বরাকের দুই পারের যাত্রীরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরি ঘাটে ফেরি পরিষেবা শনিবার বিকেল সাড়ে চারটার আগেই বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বরাক নদীর দুই পারের যাত্রীরা। নদীর জলস্ফীতির কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগেই ইঞ্জিনচালিত নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়, ফলে শতাধিক যাত্রী আটকে পড়েন।
হঠাৎ করে ফেরি বন্ধ হওয়ার ঘটনায় বিকল্প কোনো ব্যবস্থাও রাখা হয়নি। ফলে বাধ্য হয়ে বহু মানুষ রেল লাইনের পাশে দিয়ে হেঁটে নদী পার হতে শুরু করেন, যা একেবারেই ঝুঁকিপূর্ণ। এই সময়েই একটি ট্রেন সেখানে এসে পড়ে, যার ফলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান পথচারীরা।
উল্লেখ্য, গ্যামন সেতুর মেরামতির কারণে ইতিমধ্যেই সড়কপথ বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে বরাক নদী পারাপারে ফেরির ওপর নির্ভর করতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু এই ফেরি পরিষেবাও নির্ভরযোগ্য নয় বলেই মনে করছেন যাত্রীরা। এদিকে লাগাতার বৃষ্টিপাত এবং নদীর জলস্ফীতির কারণে আগামীকাল ফেরি চলবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের পক্ষ থেকে ফেরি বন্ধের বিষয়ে কোনো আগাম ঘোষণা না থাকায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তাঁরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। প্রশ্ন উঠছে—এপারের মানুষের কী হবে? বরাকের দুই পারের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সকলেই।
Promotional | Subscribe KRC TIMES e-copy



