ছদ্ম বেশের অভিযান চালিয়ে উদ্ধার করা হয় গন্ডারের খড়্গ
কে আর সি টাইমস ডেস্ক
গন্ডারের খড়্গ উদ্ধারের জন্য ছদ্মবেশে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দু’জনকে। বনদফতরের চালসা ও রেঞ্জের লোকেরা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। বাতাবাড়ি ফার্ম এলাকা থেকে বাইকে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার। তাদের বাইক থেকে উদ্ধার হয় খড়্গ। বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি বনবিভাগের চালসা ও লাটাগুড়ি রেঞ্জ যৌথ ভাবে ওই অভিযানে নামে। যারা ধরা পড়েছে তারা কালিংপং জেলার ঝালং ও বিন্দু এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, চালসার রেঞ্জার পল্লব মুখার্জী,লাটাগুড়ির রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত, বিট অফিসার জয়ন্ত বিশ্বাস,মনুয়ার হোসেন এদিন ক্রেতা সেজে বাতাবাড়ি এলাকায় ঐ দুই যুবকের থেকে খড়্গ কিনতে যায়। তাদের হাতে নাতে গ্রেফতার করে নিয়ে আসা হয় চালসা রেঞ্জে। ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি বনবিভাগের এ ডি এফ ও বিমল দেবনাথ সহ মেটেলি থানার ও সি প্রবীর দত্ত। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন,একটি খুকরি,আধার ও ভোটার কার্ড উদ্ধার হয়। ধৃতদের নাম পাসান শেরপা ও সনম তামাং।ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।


