আজবকাণ্ড নরেন্দ্রপুরে! চুরি করতে এসে রান্না করে খেল চোরের দল

< 1 - মিনিট |

ফাঁকা বাড়িতে ঢুকে নগদ ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট

কে আর সি টাইমস ডেস্ক

অদ্ভুত ধরণের চুরির ঘটনা দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর থানার অন্তর্গত পূর্ব আদর্শনগর এলাকার ঘটনা। ফাঁকা বাড়িতে ঢুকে নগদ ৪৫ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেওয়ার আগেই, হেঁসেলে ঢুকে রান্না করে খেল চোরের দল ৷ অদ্ভুত এই চুরির ঘটনায় একদিকে যেমন হতবাক স্থানীয় বাসিন্দারা, তেমনই আতঙ্ক ছড়িয়ে পড়েছে আদর্শনগর এলাকায়। খবর পেয়ে শনিবার সকালে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।


বাড়িতে একাই থাকেন শেফালী সর্দার৷ তার স্বামী বহুদিন আগেই প্রয়াত হয়েছেন৷ এক ছেলে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে, আর সোনারপুরের উত্তরায়ণপল্লীতে মেয়ের বাড়ি৷ শুক্রবার মেয়ের বাড়িতে গিয়েছিলেন শেফালিদেবী। মেয়ে সন্তান সম্ভবা৷ তাই রাতে মেয়ের বাড়িতেই থেকে গিয়েছিলেন শেফালিদেবী৷ শনিবার সকালে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। রান্নাঘরের জিনিসপত্রও এলোমেলো অবস্থায় ছিল। মেয়ের প্রসবের কথা মাথায় রেখে বাড়িতে ৪৫ হাজার টাকা নগদে রেখেছিলেন তিনি। শুধুমাত্র চুরি নয়, চুরি করতে এসে রান্না করে খেয়েছে চোরের দল। শেফালী দেবী জানিয়েছেন, বাড়িতে ঢুকে চালের ড্রাম থেকে চাল নিয়ে ভাত রান্না করে চোরের দল৷

পেয়াঁজ ভেজে ভাত খেয়েছে দুষ্কৃতীরা। বাড়িতে এসে সমস্ত কিছু লন্ডভন্ড দেখে সন্দেহ হয় তাঁর, বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে অবাধেই রান্না করে খেয়ে দেয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। চুরি করতে গিয়ে মালপত্র থাকার ঘরে আলো কম থাকায় তারা সমস্যার মধ্যে পড়ে, সমস্যার সমাধানে বাথরুম থেকে আলো খুলে মালপত্র রাখার ঘরে সেই আলো লাগিয়ে চুরি করে দুষ্কৃতীরা৷ ঘরের আলমারি, শোকেস, সুটকেস, ট্রাঙ্ক কোনোও কিছুতেই হাত দিতে বাদ দেয়নি তারা৷ সর্বস্ব খুইয়ে মাথায় হাত শেফালী দেবীর৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *