রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় এক দিনে প্রায় এক লক্ষ ফোন ওই নম্বরে গিয়েছে। যার মধ্যে পঞ্চাশ হাজার সমস্যার সমাধান হয়ে গিয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
জনসংযোগ মজবুত করতে তৃণমূলের নয়া উদ্যোগ ‘দিদিকে বলো’ । যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন আম জনতা। এবার ঘোষণা করা হল, ‘দিদিকে বলো’-তে পাঠানো সেরা ৩টি ভিডিও পাবে পুরস্কার। শুক্রবার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে ‘দিদিকে বলো’ ওয়েবসাইটে। বাংলার মুখ্যমন্ত্রীর নতুন এই পরিকল্পনা জনতার দরবারে কতটা গ্রহণযোগ্য হল? তা পরখ করে নিতে এবার ভিডিও পাঠানোর ডাক। সেরা ৩টি ভিডিও পাবে আকর্ষণীয় পুরস্কার।
এদিকে, তৃণমূলের ফেসবুক পেজে একটি পোস্ট করে বলা হয়েছে, ৩ দিনের মধ্যে ‘দিদিকে বলো’-তে ২ লক্ষেরও বেশি মানুষ নাম নথিভুক্ত করেছেন। নিজেদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় এক দিনে প্রায় এক লক্ষ ফোন ওই নম্বরে গিয়েছে। যার মধ্যে পঞ্চাশ হাজার সমস্যার সমাধান হয়ে গিয়েছে৷ আর তাছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও বাহান্ন হাজার মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন৷
এবার এই উদ্যোগ সম্বন্ধে কী মতামত, তা একটি ভিডিও করে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। ৬৩০৯৯৫৭৬১০- এই নম্বরে হোয়াটটঅ্যাপ করতে হবে ভিডিওটি। যদিও কী পুরস্কার দেওয়া হবে, তা খোলসা করা হয়নি। শুধু ‘আকর্ষণীয় পুরস্কার’ দেওয়ার কথা বলা হয়েছে। সেই পুরস্কার দেবেন খোদ মুখ্যমন্ত্রী ।
‘দিদিকে বলো’-র পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘আমার গর্ব মমতা’ বলেও আরও একটি নয়া উদ্যোগ নিয়েছে তৃণমূল। আপনি কেনও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গর্ব অনুভব করেন? তা জানাতে বলা হয়েছে এই বিশেষ উদ্যোগে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব -সর্বত্র আপনি নির্দিষ্ট জায়গায় ‘কমেন্ট’ লিখে আপনার মতামত জানাতে পারবেন।
সূত্রের খবর জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যেই প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই ‘দিদিকে বলো’ প্রকল্প ও তাতে পুরস্কার দেওয়ার বিষয়টি। আর তারপরই ফের একটি নয়া উদ্যোগ ‘আমার গর্ব মমতা’।
‘দিদিকে বলো’ এই প্রকল্পের দায়িত্বে রয়েছে আইপ্যাক মিডিয়া৷ এই প্রকল্পটি লঞ্চ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যোগাযোগের জন্য একটি বিশেষ ওয়েবসাইট লঞ্চ করেছে রাজ্য সরকার। www.didikebolo.com এই ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। পাশাপাশি, অভিযোগ জানানোর জন্য একটি ফোন নম্বরও দেন তিনি। ফোন নম্বরটি হল ৯১৩৭০৯১৩৭০।


