বিশ্বকর্মা পুজোয় মেতেছে শিল্পী ও নির্মাতারা, সকাল থেকেই আকাশ রঙিন রকমারি ঘুড়ির সম্ভারে
কে আর সি টাইমস ডেস্ক
শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা। ব্রহ্মা-পুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অস্ত্রও তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলের শিল্পকলার দেবতা। গণেশ পুজোর পর এবার বিশ্বকর্মা পুজোয় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোয় যেমন বই ছুঁতে নেই, পড়াশোনা বারণ, বিশ্বকর্মা পুজোয় আগুন জ্বলে না কামারশালায়। কাজ বন্ধ থাকে বিভিন্ন শিল্পীদের। বুধবার সকাল থেকেই বিশ্বকর্মা পুজোয় মেতেছেন বিভিন্ন শিল্প ও নির্মাণ পেশার সঙ্গে যুক্ত শিল্পী ও কর্মীরা।
বিশ্বকর্মা পুজো প্রতি বছরেই ১৭ সেপ্টেম্বরের জন্য নির্দিষ্ট। ধরে নেওয়া হয়, ১৭ সেপ্টেম্বরই হচ্ছে বিশ্বকর্মা পুজোর। কিন্তু, এবার অন্যথা হল। ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে এবার ১৮ সেপ্টেম্বর পূজিত হচ্ছেন শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজো মনেই আকাশ রঙিন হবে রকমারি ঘুড়ির সম্ভারে, সেটাই স্বাভাবিক। বুধবার সকাল থেকেই শহর থেকে শহরতলি সর্বত্রই আকাশে উড়তে দেখা গেল বিভিন্ন রকমের ঘুড়ি।


