পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনেই দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করল চন্দ্রযান-২

2 - মিনিট |

সব কিছু ঠিক থাকলে ২৯ জুলাই তৃতীয় বারের জন্য জ্বলে উঠবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন

কে আর সি টাইমস ডেস্ক

কার্গিল যুদ্ধের ২০তম বিজয় দিবস পালনের দিনই একধাপ এগিয়ে গেল ভারতের মহাকাশ গবেষণা। শ্রীহরিকোটায় মেঘলা আকাশের মধ্যেই সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের মাটি ছেড়ে ইসরোর চন্দ্রযান-২ চাঁদের দেশে স্বপ্নের উড়াল দিয়েছিল ২২ জুলাই। দেশের ১৩০ কোটি জনতাকে গর্বিত করে সেদিন প্রথম পদক্ষেপের পর ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত একটা নাগাদ ১টা নাগাদ ২৫১ কিলোমিটার x ৫৪৮২৯ কিলোমিটার কক্ষপথে প্রবেশ করে দ্বিতীয় পদক্ষেপ সমাপ্ত করল বাহুবলী। ইসরোর তরফে টুইট করে এদিন জানানো হয়েছে, চন্দ্রযান-২ এর দ্বিতীয় কক্ষপথের সফর ২৬ জুলাই সম্পন্ন হয়েছে। এবার অপেক্ষা তৃতীয় পরীক্ষার। সব কিছু ঠিক থাকলে ২৯ জুলাই তৃতীয় বারের জন্য জ্বলে উঠবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন। সেদিন ভারতীয় সময়ে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টে ৩০ মিনিটের মধ্যে হবে কক্ষপথের পরিবর্তন। পরিকল্পনামাফিক প্রতিটি ম্যানুভার সম্পন্ন হলে আগামী ১৪ আগস্ট চাঁদের কক্ষে প্রবেশ করবে চন্দ্রযান-২।

২২ জুলাই সফল উৎক্ষেপণের পর ১৭০ কিলোমিটার x ৩৯,১২০ কিলোমিটার কক্ষপথে স্থাপন করা হয়েছিল চন্দ্রযান-২-কে। বুধবার প্রথম আর্থ-বাউন্ড ম্যানুভারের মাধ্যমে ২৩০কিলোমিটারx ৪৫,১৬৩কিলোমিটার কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। এর জন্য ৮৮৩ সেকেন্ড জ্বলে ওঠে চন্দ্রযান-২-এর প্রপালশান ইঞ্জিন।

এ ভাবে আরও ১৩ বার জ্বলে উঠবে চন্দ্রযান-২-এর ইঞ্জিন। তার মধ্যে পৃথিবীর কক্ষপথে থাকাকালীন মোট ৪ বার জ্বলবে ইঞ্জিন। যাত্রা শুরুর প্রথম পদক্ষেপ ব্যর্থ হওযার পর ৪ ধাপে বাড়ানো হয়েছ কক্ষের পরিধি। এর মধ্যে দুই ধাপ সম্পন্ন হল। পরিকল্পনা অনুযায়ী ৬, ১১, ১৬, ১৯তম পরিক্রমায়, ধাপে ধাপে অপসূর অবস্থানের দূরত্ব বেড়ে হবে ১,৪৪,০০০ কিলোমিটার। নির্দিষ্ট অপসূর দূরত্বে পৌঁছনোর পরে ইঞ্জিনের সাহায্যে লাফ দিয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে চন্দ্রযান-২।

চাঁদের কক্ষপথে প্রবেশ করার পাঁচ দিন পর প্রথম লুনার বার্নে ১২০ কিলোমিটার অনুসূর ও ১৮,০০০ কিলোমিটার অপসূরের কক্ষে স্থাপন করা হবে চন্দ্রযান-২-কে। এর পরে আরও চারটে লুনার বার্নের পর চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে স্থাপন করা হবে অর্বিটারকে। এর পরেই চন্দ্রযান-২-এর অর্বিটার থেকে বিছিন্ন হবে ল্যান্ডার বিক্রম। বিছিন্ন হওয়ার পর (৩০x১০০)কিলোমিটার কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ শুরু করবে বিক্রম। মহাকাশ অভিযানের ইতিহাসে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবার হবে এই অভিযান। দক্ষিণ মেরুতে বিশেষ যন্ত্র ব্যবহার করে, সফট ল্যান্ডিং-এর উপযুক্ত জায়গা খুঁজবে বিক্রম। যাত্রার ৪৮ দিনের মাথায় ৭ সেপ্টেম্বর ভারতীয় সময অনুযায়ী রাত ২টো ৫৮ মিনিটে দীর্ঘ প্রক্রিয়া শেষে চাঁদে ল্যান্ড করবে ল্যান্ডার বিক্রম। রকেটের মাধ্যমে ধীরে ধীরে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং-এর নেমে আসবে এই ল্যান্ডার। এর পরেই পারিপার্শ্বিক ভূপ্রাকৃতিক পরিস্থিতি বিবেচনা করে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *