অনুষ্কা শর্মা কুকুরটির ছবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে একে ‘বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন
কে আর সি টাইমস ডেস্ক
এইতো কয়েক মাস আগের ঘটনা এনআরএস হাসপাতলের দুই নার্সিং পড়ুয়া ছাত্রীর ১৬টি কুকুরের বাচ্চাকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় হুলুস্স্থালিস বেঁধেছিলো রাজ্য জুড়ে। হবে নাই বা কেন ১৬টি কুকুরের বাচ্চা। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারতো শুধু মানুষের নয় ,সকলেরই।কোথায় স্থান হবে এই নিরীহদের! বাচ্চা কুকুরগুলিকে পিটিয়ে মারার সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হতে না হতেই কয়েক ঘণ্টার মধ্যে শেয়ারের ঝড় ওঠে এবং পুলিশ এসে দুই পড়ুয়াকে গ্রেফতার করে । আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ের বুকে। সাধারণ মানুষ থেকে বলিউড তারকা সকলের নিন্দায় সরগরম হয়ে উঠেছে আজকের সোশ্যাল মিডিয়া।
প্রবল বৃষ্টিতে আশ্রয়ের খোঁজে একটি আবাসন প্রাঙ্গণে ঢুকে পড়েছিল একটি পথকুকুর। সেই ‘অপরাধে’ তাকে বেধড়ক পিটিয়ে প্রায় আধমরা করে দিয়েছে আবাসনের নিরাপত্তা রক্ষীরা। মাথায় ও পেটে প্রবল আঘাত নিয়ে কুকুরটি বর্তমানে কোমায় চিকিৎসাধীন। এই নৃশংস ঘটনার পর থেকে নিন্দার ঝড় উঠেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বলিউডের অনুষ্কা শর্মা থেকে সোনম কাপুর।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অনুষ্কা শর্মা কুকুরটির ছবি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে একে ‘বর্বরোচিত’ বলে আখ্যা দিয়ে লিখেছেন, “এই অমানবিক ঘটনা অবিশ্বাস্য। যারা নিজেরা উঠে দাঁড়িয়ে এই ঘটনার প্রতিবাদ করতে পারে না, তাদের জন্য এবার আমাদের এগিয়ে আসা উচিত। কোনওভাবে একটি প্রাণেরও যদি সাহায্য করা যায়। এটাই সময়।” ঘটনার নিন্দা করে বলিউডের আর এক অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, “দয়া করে সাহায্য করুন। ওরলি থানায় FIR দায়ের করেছে বম্বে অ্যানিম্যাল রাইটস। প্রমাণ তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে।” কুকুরটির শারীরিক অবস্থার কথাও তুলে ধরেছেন সোনম। তাঁর ভক্তদের ওই পশুপ্রেমী সংস্থার পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন সোনম।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই ২৭ জুলাই ওরলি থানায় FIR দায়ের করেছে ‘বম্বে অ্যানিম্যাল রাইটস’। গত ২৪ জুলাই রাতে মুম্বইয়ের টার্ফ ভিউ বহুতলের তৃতীয় তলের এক বাসিন্দা আবাসনের নিরাপত্তা রক্ষীকে নির্দেশ দেন, ওই কুকুরকে এমনভাবে মারতে যাতে আর কোনও প্রাণী ওই কমপ্লেক্সে ঢোকার সাহস না-পায়। নির্দেশ পেয়ে নির্মমভাবে কুকুরটিকে পেটায় ওই নিরাপত্তা রক্ষী। এরপর আধমরা অবস্থায় তাকে ফেলে রাখে কমপ্লেক্সে। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন পশুপ্রেমীরা। সরব হয়েছে বলিউডও। সিসিটিভি ফুটেজে বর্বরতার ছবি সামনে এলেও ২০ মিনিট জিজ্ঞাসাবাদের পর ওয়াচম্যানকে ছেড়ে দেয় পুলিশ বলে অভিযোগ।


