শিয়ালদহ উড়ালপুল বন্ধ হওয়ায় নাজেহাল অবস্থা চালক ও ট্রাফিক পুলিশের

2 - মিনিট |

পুলিশের তরফে জানানো হয়েছে যাননিয়ন্ত্রণ করে ও অন্য পথে গাড়ি চলাচল বজায় রেখে তাঁরা পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়ার চেষ্টা করছে

কে আর সি টাইমস ডেস্ক

কেএমডিএ-এর তরফ থেকে শহরের যে ৪৮টি রুগ্ন উড়ালপুলের তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকায় নাম ছিল শিয়ালদহ উড়ালপুলেরও।আর তার জেরই আজ শুক্রবার থেকেশুক্রবার থেকে কোলে মার্কেটের সামনে আগামী তিনদিন হকার বসতে দেওয়া হবে না। তিনদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদহ উড়ালপুলের মূল অংশ। সব মিলিয়ে বিভিন্ন রকম গাড়ির চালক ও পুলিশের কপালে ভাঁজ। কার্যত বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদহ উড়ালপুল। ১৮ আগস্ট বিকেল ছ’টার পর তা আবার খুলে দেওয়ার কথা রয়েছে। তবে এই ক’দিন মূল উড়ালপুল বন্ধ থাকলেও, ছোট যানবাহন নীলরতন সরকার হাসপাতালের সামনে দিয়ে ডানদিকে ঘুরে উড়ালপুলের ঢাল দিয়ে শিয়ালদহ স্টেশন বা বেলেঘাটার দিকে যাতায়াত করতে পারবে। তেমনই রাজাবাজারের দিক থেকে এসে যানবাহন ডানদিক ঘুরে উড়ালপুলের ঢাল হয়ে এম জি রোডে যাতায়াত করতে পারবে।
এই পরিস্থিতিতে কলকাতা ট্রাফিক পুলিশকে শহরের যান চলাচলের ক্ষেত্রে কিছু রদবদল করতে হয়েছে। উত্তর কলকাতা থেকে প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি চেপে ট্রেন ধরতে শিয়ালদহ স্টেশনে আসতে হলে, তিনটি পথ থাকছে। প্রথমত, ক্যানাল ইস্ট রোড দিয়ে ঢুকে বেলেঘাটা মেন রোড হয়ে শিয়ালদহ স্টেশনে প্রবেশ করা যাবে। দ্বিতীয়ত, মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট দিয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় থেকে বাঁ দিকে ঘুরে কোলে মার্কেটের সামনে দিয়ে শিয়ালদহ স্টেশনে যাওয়া যাবে। তৃতীয়ত, এ পি সি রোড ধরে মানিকতলা মোড়, রাজাবাজার হয়ে শিয়ালদহ উড়ালপুলের ঢাল দিয়ে এম জি রোডে সুরেন্দ্রনাথ কলেজের সামনে দিয়ে আমহার্স্ট স্ট্রিট, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোলে মার্কেটের সামনে দিয়ে শিয়ালদহ স্টেশনে ঢোকা যাবে। দক্ষিণ কলকাতার বাসিন্দারা আগের মতোই এ জে সি বোস রোড ধরে নীলরতন সরকারের সামনে দিয়ে শিয়ালদহ উড়ালপুলের ঢাল হয়ে বেলেঘাটা মেনে রোড দিয়ে শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারবেন। কিন্তু দক্ষিণ কলকাতা থেকে এজেসি বোস রোড ধরে আসা উত্তর কলকাতাগামী বাস মিনিবাসকে এস এন ব্যানার্জি রোড, ধর্মতলা, সি আর অ্যাভিনিউ হয়ে হয় কলুটোলা নতুবা বিবেকানন্দ রোড ধরে উত্তর কলকাতায় আসতে হবে। তবে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতাগামী বাস, মিনিবাস সহ অন্য যানবাহন মানিকতলা, আমহার্স্ট স্ট্রিট, বউবাজার, নির্মলচন্দ্র স্ট্রিট, লেনিন সরণী হয়ে যেতে পারবে। এছাড়াও দক্ষিণ কলকাতাগামী যানবাহনকে মানিকতলা, রাজাবাজার, শিয়ালদহ উড়ালপুলের এম জি রোড ঢাল ধরে আমহার্স্ট স্ট্রিট হয়ে দক্ষিণ কলকাতার রাস্তায় যেতে হবে। পূর্ব কলকাতার বাস-মিনিবাসকে এম জি রোড, নারকেলডাঙা মেন রোড হয়ে যেতে হবে।
তবে পশ্চিম কলকাতাগামী বাস মিনিবাস বেলেঘাটা রোড, সিআইটি রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এই বাস-মিনিবাসকে ফুলবাগান, কাঁকুড়গাছি, মানিকতলা মেন রোড দিয়ে চলতে হবে। এই তিনদিন শহরের এ পি সি রোড, এম জি রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণী, নির্মলচন্দ্র স্ট্রিট, লেনিন সরণী, রফি আহমেদ কিদোয়াই রোডে ট্রাম চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তেমনই আমহার্স্ট স্ট্রিট, বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোড, ক্রিক রো, নির্মলচন্দ্র স্ট্রিট নো পার্কিং জোন হিসেবে গণ্য করা হচ্ছে। ১৯৭৮ সালে নির্মাণ কাজ শুরু হওয়া উড়ালপুলের বর্তমান স্বাস্থ্য জানতে কেএমডিএ-কে ‘লোড টেস্ট’ করাতে হচ্ছে। তাই কলকাতা পুলিস এই উড়ালপুল বন্ধ রাখছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news