পর্যটনমন্ত্রী প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেন, তিনি বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে মালদহ যাবেন। এই সঙ্গে তিনি বলেন, কোচবিহার ও নবদ্বীপকে ঐতিহ্যশহরের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। খড়্গপুর আইআইটি-র বিশেষজ্ঞরা সমীক্ষা করছেন ওখানে
কে আর সি টাইমস ডেস্ক
মালদহের পর্যটনকেন্দ্রে ঘোড়ার গাড়ি করে পর্যটকদের ঘোরানোর বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করবে রাজ্য সরকার। মালদহে ঘোড়ার গাড়িই চলত আগে। এখন ছেয়ে গিয়েছে টোটো ও অটো। ঘোড়ার গাড়ির সেই ইতিহাস যাতে ফিরিয়ে আনা যায় বিষয়টি দেখার জন্য বৃহস্পতিবার বিধানসভায় পর্যটনমন্ত্রী গৌতম দেবকে অনুরোধ করেন কংগ্রেসের বিধায়ক সাবিনা ইয়াসমিন। সাবিনা বলেন, গৌড় ও মালদহের পর্যটনকেন্দ্রগুলি পর্যটকরা যাতে ঘোড়ার গাড়ি করে ঘুরে দেখতে পারেন সেই অনুরোধ করছি। এতে অনেকের কর্মসংস্থানের অবকাশও থাকে। পর্যটনমন্ত্রী প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে বলেন, তিনি বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলতে মালদহ যাবেন। এই সঙ্গে তিনি বলেন, কোচবিহার ও নবদ্বীপকে ঐতিহ্যশহরের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। খড়্গপুর আইআইটি-র বিশেষজ্ঞরা সমীক্ষা করছেন ওখানে।
রাজ্যের হেরিটেজ পর্যটনে সরকার কীভাবে উদ্যোগী হচ্ছে অধিবেশনে কংগ্রেসের অসিত মিত্র তা জানতে চান। পর্যটনমন্ত্রী এর তালিকা দাখিল করেন। তাতে মুর্শিদাবাদের ওয়াসিম মঞ্জিল, হুগলির ড্যানিশ ট্যাভার্ন ও ফুরফুরা শরিফ, চন্দননগরের গঙ্গার ধার, হংশেশ্বরী মন্দির, বেলুর মঠ, দক্ষিণেশ্বরের মন্দির, কোচবিহারের লালমন্দির, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভৈরবী মন্দির, ইডেন গার্ডেনের প্যাগোডা প্রভৃতির উল্লেখ করেন। বিরোধীদের তরফে আবেদন ওঠে কোচবিহারের পঞ্চানন মন্দির,গাইঘাটার প্রাচীন জলেশ্বর মন্দির, এগরার কপালকুন্ডলা মন্দির, পীরতলার দাদাপীড়ের মাজার প্রভৃতি সংরক্ষণে উদ্যোগী হতে। বিজেপি-র দলনেতা মনোজ টিগ্গা আর্জি জানান সিঙ্গাপুরের নৈশ অভিযানের আদলে জলদাপাড়ায় যদি একটি পর্যটনপ্রকল্প করার।


