উন্মেষের পাখায় উড়ল ফ্যাশন ডিজাইনের খুদে শিক্ষার্থীরা

< 1 - মিনিট |

‘ইকো স্ফেয়ার্স, টোপোলজিস অফ নেচার’-এর শিরোনামেই ফ্যাশন ডিজাইন প্রদর্শনী

কে আর সি টাইমস ডেস্ক

কাবানা। মানে ছোট্ট ঘর। তা সে মরুভূমিতেই হোক বা উত্তর মেরুতে। মিশরেই হোক বা হাওয়াই দ্বীপে। উন্মেষের পাখায় ভর দিয়ে গোটা বিশ্বকে যেন তুলে আনল ফ্যাশন ডিজাইনের খুদে শিক্ষার্থীরা। 
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্সটিট্যুট অফ ফ্যাশন ডিজাইনে (আইএনআইএফডি) শিক্ষার্থীদের প্রদর্শনীর উদ্বোধন করতে এসেছিলেন অভিনেত্রী সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, মধ্যপ্রাচ্যের কাবানা দেখেছি। কিন্তু এখানকার শৈল্পিক ভাবনা বুঝি আরও সুন্দর। সাদা কাগজ নিখুঁতভাবে কেটে অতিবেগুনি রশ্মির আলো দিয়ে বানানো হয়েছে ‘নিওন ফ্যান্টাসি ফরেস্ট’। রূপকথার আরেন্ডেলের রাজকন্যা উঠে এসেছেন চোখ ধাঁধানো পোষাক নিয়ে। ‘রেভে ডি অমর’, ‘চিমারা’— নানা শিরোনামের কাবানা ছেলেমেয়েদের নানা রকম শৈল্পিক উদ্ভাবনীর পরিচয় দিচ্ছে। 
আইএনআইএফডি-র প্রধান দফতর চন্ডীগড়ে। কলকাতায় এর শাখা তৈরি হয় ১৯৯৫-তে। এর অধিকর্তা পল ম্যান্টোশ বলেন, “পেশাদারি জগতে ফ্যাশন ডিজাইনিংয়ের চাহিদা বেড়েছে। বাড়ছে এর পরিসরও। নতুনত্বের সঙ্গে বানিজ্যিক সম্ভাবনার মিশেলটাই আসল।“ সংস্থার অপর অধিকর্তা সুজান ম্যান্টোশ জানান, ইন্টেরিয়ার ডিজাইনিংয়েও সম্ভাবনা বাড়ছে।“ এবারের প্রদর্শনীর শিরোনাম ছিল, ‘ইকো স্ফেয়ার্স, টোপোলজিস অফ নেচার’। দেশ-বিদেশের নানা ফ্যাশনের পাশাপাশি প্রদর্শনীতে নজর কেড়েছে বিয়ের পোষাক থেকে ঘরোয়া কূর্তি, স্কার্ফ, ব্যাজ, টুপি, ছোট কানের দুল, ইমিটেশন অলঙ্কার, ক্যালেন্ডার—হরেক রকম উন্মেষের সম্ভার নিয়ে তিন দিনের প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। নিউ মার্কেটে ২০এ নেলি সেনগুপ্ত সরণির দ্বিতীয় তলে, ১১ টা থেকে ৫টা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *