অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এবার আলোর উৎসব দীপাবলি উদযাপন করবেন করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে
কে আর সি টাইমস ডেস্ক
অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এবার আলোর উৎসব দীপাবলি উদযাপন করবেন করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে। সে জন্য আগামী রবিবার ২৭ অক্টোবর তিনি জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীপুর এবং লাঠিটিলা বিওপিিতে আসবেন। এখানে তিনি আধাসেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সীমান্ত এলাকার হালহকিকতের খবরও নেবেন।
শুক্রবার কগিমগঞ্জে জেলা ও পাথারকান্দির স্থানীয় প্রশাসনের মধ্যে রাজ্যপালের সফরসূচি নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সূত্রের খবর, এদিন তিনি আকাশপথে হেলিকপ্টারে সোজা গিয়ে অবতরণ করবেন বিএসএফ-এর হেলিপ্যাডে।
এখানে উল্লেখ করা যেতে পারে, স্বগৃহ থেকে বহু দূরে দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানরা নিষ্ঠা ও দায়িত্ব সহকারে কৰ্তব্য পালন করছেন। তাই তাঁদের সঙ্গে একাত্ম হয়ে আসন্ন আলোর উৎসবটি সীমান্তে নিয়োজিত সেনাদের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল অধ্যাপক মুখি। রাজ্যপাল মনে করেন, সীমান্তে সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত জওয়ানদের মনে দীপাবলির আলোর মাধ্যমে দেশপ্ৰেমের ভাব আরও জাগিয়ে তোলা সম্ভব হবে।


