হাবড়া-অশোকনগরে ডেঙ্গিতে মৃত দুই

< 1 - মিনিট |

হাবড়া হাসপাতালে ১৩০টি শয্যায় ভর্তি রয়েছেন প্রায় ৪০০ জন রোগী

কে আর সি টাইমস ডেস্ক

ফের ডেঙ্গিতে মৃত্যু উত্তর ২৪ পরগণার হাবড়া-অশোকনগর এলাকায়। মঙ্গলবার রাতে মৃত্যু হল হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতীক বিশ্বাসের (২১)। বুধবার ভোরে মারা যান অশোকনগর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণিমা হালদার (৩৫)।

হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আক্রমপুর এলাকার বাসিন্দা প্রতীকের পরিবার সূত্রে জানা গেছে, জ্বরে কমছে না দেখে গত শনিবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সে রাতেই কলকাতার আইডি হাসপাতালে রেফার করে দেওয়া হয় প্রতীককে। অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে তাঁকে পাঠানো হয় এনআরএস হাসপাতালে। মঙ্গলবার বিকেলে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর শংসাপত্রেও ডেঙ্গির উল্লেখ রয়েছে।

পূর্ণিমার জ্বর এসেছিল গত বুধবার। তাঁর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার অশোকনগর হাসপাতালে ভর্তি হন। সেখানে রক্ত পরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গির জীবাণু মেলে। অবস্থার অবনতি হলে রবিবার আরজিকর হাসপাতালে রেফার করে দেওয়া হয় তাঁকে। দু’দিন চিকিৎসার পর বুধবার ভোর পাঁচটা নাগাদ মারা যান তিনি।

এবার বর্ষা আসার অনেক আগে থেকেই ডেঙ্গির দাপট দেখা যাচ্ছে হাবড়া-অশোকনগর-বাদুরিয়া সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। সরকারি মতে জেলায় ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩। বেসরকারি মতে এই সংখ্যা আরও বেশি।

হাসপাতালগুলিতে উপচে পড়ছে জ্বরের রোগীর ভিড়। হাবড়া হাসপাতালে ১৩০টি শয্যায় ভর্তি রয়েছেন প্রায় ৪০০ জন রোগী। অশোকনগর হাসপাতালে ১০০ শয্যায় ২৩৭ জন জ্বরের রোগী ভর্তি রয়েছেন। একই হাল বারাসত হাসপাতালেরও। ৩৫০ শয্যাতেও ঠাঁই নাই দশা। ডেঙ্গির দাপটে পুজোর আনন্দ এবার অনেকটাই ম্লান হাবড়া-অশোকনগরে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *