পূর্বাঞ্চলীয় এই প্রতিযোগিতায় গত বছর অংশ নিয়েছিলেন ৯২ জন। এবার সংখ্যাটা বাড়বে বলে সাংবাদিকদের জানিয়েছেন মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার কর্তা সৌরভ চট্টোপাধ্যায়।
কে আর সি টাইমস ডেস্ক
গতির প্রতি আকর্ষণ বহু মানুষের মজ্জাগত। কিন্তু প্রকাশ্যে এই গতির জেরে কী মারাত্মক কান্ড হয়, তা আমাদের সবার জানা। গতিপ্রেমিক গাড়িচালকরা তাই মুখিয়ে থাকেন অফরোডিং সার্কিট রেসিংয়ের জন্য। এ বছর এই প্রতিযোগিতার আসর বসছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। ৩০ নভেম্বর ও পয়লা ডিসেম্বর দুইদিন ধরে চলবে এই প্রতিযোগিতা। পূর্বাঞ্চলীয় এই প্রতিযোগিতায় গত বছর অংশ নিয়েছিলেন ৯২ জন। এবার সংখ্যাটা বাড়বে বলে সাংবাদিকদের জানিয়েছেন মোটর স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার কর্তা সৌরভ চট্টোপাধ্যায়।
অফ রোড রেসিংয়ে এশিয়া চ্যাম্পিয়ান গুরগাঁওয়ের গৌরব সিং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। এই ক্ষেত্রের বেশ কিছু সফল প্রতিযোগী আছেন পশ্চিমবঙ্গেও। ২০১৫-র মোটর স্পোর্টসের জাতীয় চ্যাম্পিয়ন সৌরভবাবু জানান, হলদিয়ার এই প্রতিযোগিতার ৯টি বিভাগ থেকে সেরা চার জন করে, অর্থাৎ ৩৬ জনকে বেছে নেওয়া হবে। তাঁরা দেশের বাকি তিন অঞ্চলের বাছাইদের সঙ্গে অংশ নেবেন বিজয়ওয়ারার আগামী ২১ ডিসেম্বরের প্রতিযোগিতায়। আন্তর্জাতিক নিয়ম মেনে হয় এ রকম প্রতিযোগিতা।


