গোপন কথা ফাঁস করে আন্তর্জাতিক মহলের চাপ কাটাতে নাকি ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইলেন পাক প্রধানমন্ত্রী?
কে আর সি টাইমস ডেস্ক
এতদিন ধরে অস্বীকার করে আসলেও অবশেষে পাকিস্তান ঘুরিয়ে স্বীকার করে নিল ওসামা বিন লাদেনের সমস্ত গতিবিধি সম্পর্কেই ওয়াকিবহাল ছিল তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য থেকে উঠে এসেছে এই তথ্যই। উল্লেখ্য, ২০১১ সালের ২ মে অ্যাবোটাবাদে লাদেনের গোপন ডেরায় আতর্কিত অভিযান চালিয়ে আল কায়দার এই শীর্ষ নেতাকে গুলি করে হত্যা করেছিল ইউএস স্পেশাল ফোর্স।
পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর সাহায্যেই নাকি ওসামা বিন লাদেনের গোপন ডেরা খুঁজে বার করতে পেরেছিল আমেরিকা। ট্রাম্পের দেশে সফর চলাকালীন এমনই দাবি করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দু’দিন আগে আমেরিকা সফরে গিয়েছেন ইমরান খান। সেখানেই এক সাক্ষাৎকারে ইমরান দাবি করেছেন পাক গুপ্তচর সংস্থাই আল কায়দার শীর্ষ নেতা লাদেনের অ্যাবোটাবাদের ডেরা খুঁজে পেতে তথ্য দিয়েছিল মার্কিন প্রশাসনকে।
সাক্ষাৎকারে ইমরানকে প্রশ্ন করা হয়েছিল যে চিকিৎসকের সূত্রে লাদেনের খোঁজ পেয়েছিল আমেরিকা, সেই শাকিল আফ্রিদিকে কি মুক্তি দেওয়া হবে? সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিয়ে ইমরান বলেন, “ওই চিকিৎসক চরবৃত্তি করেছেন।” এর পরে আইএসআই-এর প্রসঙ্গ উঠতেই ইমরান লাদেনের প্রসঙ্গ টেনে নিজেদের কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করে পাক প্রধানমন্ত্রী দাবি করেন, “লাদেনের সম্পর্কে তথ্য দিয়েছিল পাক গোয়েন্দা আইএসআই। এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে জিজ্ঞাসা করতে পারেন।”
লাদেনকে হত্যার আগে তাঁর খোঁজে মার্কিন প্রশাসন যখন মরিয়া, পাকিস্তান সে সময় দাবি করেছিল আল কায়দা নেতা সম্পর্কে তারা কিছুই জানে না। শুধু তাই নয়, লাদেন যে পাকিস্তানেই আছে সে কথাও বারবার অস্বীকার করেছিল তৎকালীন পাক সরকার। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তবে এখন কেন এমন দাবি করছেন ইমরান?
আসলে সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান। আর চাপের মুখে পড়ে সেই কারণেই হয়তো এমন সাফাই পাক প্রধানমন্ত্রীর। এই অবস্থায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই কি লাদেনের উদাহরণ তুলে ধরেছেন নাকি সত্যই পাক গুপ্তচর সংস্থার গোপন কথা এতদিন বাদে ইমরান প্রকাশ করে দিলেন?


