রাজ্য স্বাস্থ্য দফতরের বিচারে আগেই রাজ্যের মধ্যে সেরা হাসপাতালের মুকুট ছিল জলপাইগুড়ি সদর হাসপাতালের
কে আর সি টাইমস ডেস্ক
এবার দেশের মধ্যেও রাজ্যের সেরা হাসপাতালের সন্মান পেল জলপাইগুড়ি জেলা সদর হাসপাতাল । রাজ্য স্বাস্থ্য দফতরের বিচারে আগেই রাজ্যের মধ্যে সেরা হাসপাতালের মুকুট ছিল জলপাইগুড়ি সদর হাসপাতালের ।
এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বিচারে স্বাস্থ্য পরিষেবায় সুশ্রী কায়াকল্প প্রকল্পে রাজ্যের সেরা জলপাইগুড়ি জেলা সদর হাসপাতাল । পুরস্কার হিসেবে জেলা হাসপাতাল সুপার গয়ারাম নস্করের হাতে পুরস্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন । ২০১৫ সালে প্রতিযোগিতা শুরু হয়েছিল । এবছর মে মাসে প্রতিযোগিতা শেষ হয় ।
হাসপাতালের পরিচ্ছন্নতা, নার্স ও চিকিৎসকদের পরিষেবার ভিত্তিতে বিচার করা হয় । ৯৫.৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থানে জলপাইগুড়ি হাসপাতাল । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে । পুরস্কারের ৫০ লক্ষ টাকা রোগী পরিষেবায় খরচ হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার গয়ারাম নস্কর । কয়েকবছর ধরে চলা প্রতিযোগিতায় রাজ্য স্বাস্থ্য দফতরের বিচারে ২৯ জেলা হাসপাতালের মধ্যে প্রথম স্থান পেয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতাল।


