চলতি বছরেই অন্তত ৫০ শতাংশ সিএনজি চালিত গাড়ির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের মারুতি সুজুকি সংস্থা
কে আর সি টাইমস ডেস্ক
বিগত মাসের সমীক্ষাতে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে গাড়ি বিক্রিতেও। টানা ন’মাস গাড়ির বিক্রির বাজারে চলছে ভাটা। কমেছে মানুষের ক্রয়ক্ষমতাও। তার প্রভাব পড়েছে ভারতেও।সঙ্কট মোকাবিলায় তিন হাজার অস্থায়ী কর্মী ছাঁটাই মারুতি সুজুকির। দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গব। একই সঙ্গে জানালেন, ঘুরে দাঁড়াতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস (সিএনজি) চালিত গাড়ি তৈরিতে জোর মারুতি সুজুকির ।
চেয়ারম্যান আরসি ভার্গব বার্ষিক সভায় জানান সেফটি নর্মস এবং উচ্চ হারে করের ধাক্কায় গাড়ি উৎপাদনের খরচ বেড়েছে অনেকটা। তাই ৩০০০ চুক্তি ভিত্তিক কর্মীর চুক্তি রিনিউ বা পুনর্নবীকরণ করা হয়নি। কিন্তু ওই কর্মীদের পাওনা কীভাবে মেটানো হয়েছে, কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি ভার্গব। মারুতির একটি সূত্রের খবর, চলতি বছরেই অন্তত ৫০ শতাংশ সিএনজি চালিত গাড়ির উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা।
আর্থিক মন্দার সঙ্গে যোগ হয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাহগুলির উপর সরকারের ‘সেফটি নর্মস’ বা নিরাপত্তার বিধিনিষেধ এবং অতিরিক্ত কর চাপানো। পাশাপাশি ওলা-উবারের ব্যাপক বাড়বাড়ন্তও গাড়ি শিল্পে প্রভাব ফেলছে।এই সঙ্কট কাটিয়ে ঘুরে দাঁড়াতে উৎপাদন কমানো, ব্যায় সংকোচের পথে হাঁটছে অধিকাংশ সংস্থা। সেই রাস্তায় হেঁটেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা ৩০০০ কর্মীকে ছাঁটাই করল মারুতি সুজুকি।


