মহিলা যাত্রীদের সুরক্ষাকে আরও শক্তিশালী করতে নয়া উদ্যোগ উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের। ইতিমধ্যেই রঙ্গিয়া ডিভিশনের ৮টি ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছে এই বিশেষ গোলাপি বঙের বগি। স্টেশনের হাজারো যাত্রীর ভীড়ের মধ্যেও সহজেই নজর কাড়বে এই বিশেষ কোচ
কে আর সি টাইমস ডেস্ক
বাণিজ্যনগরীতে অনেক আগের থেকেই মহিলা যাত্রীদের সুরক্ষায় চালু হয়েছে গোলাপি ট্যাক্সি। আবারও মহিলা সুরক্ষায় তৎপর উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে দফতর । মহিলাদের বোঝার সুবিধার জন্যই ট্রেনে নতুন গোলাপি কোচের ব্যবস্থা করছে ফ্রন্টিয়ার রেল। বাকি ট্রেন থাকবে নীল-সাদা। খুব ভিড়ের সময়েও একঝলকে বোঝা যাবে কোনটা মহিলা বগি। ইতিমধ্যেই রঙ্গিয়া ডিভিশনের ৮টি ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়েছে এই বিশেষ গোলাপি বঙের বগি।
১৯৮৯ সালের ভারতীয় রেল আইনের সেকশন ৫৮ অনুসারে মহিলা যাত্রীদের জন্য সংরক্ষিত আসনকে আলাদা করে বোঝানোর কথা বলা রয়েছে। সব সাধারণ দূরপাল্লার ট্রেনেই আলাদা মহিলা কামরা থাকে। কিন্তু সেটা অনেক সময়েই বোঝা যায় না। সেই কারণেই এবার এমনই উদ্যোগ নিল উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল। আপাতত নিউ বঙ্গাইগাঁও থেকে গুয়াহাটি এবং রঙ্গিয়া থেকে মুরকোংসেলেক যাওয়ার সবক’টি ট্রেনে মহিলা বগি গোলাপি রঙে চিহ্নিত করা হয়েছে।
মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানান, এই ধরনের নয়া উদ্যোগের ফলে মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রেও সাফল্য পাবে বলেই আশাবাদী উত্তরপূর্ব সীমান্তের রেল কর্তৃপক্ষ। তিনি আরও জানান, এই উদ্যোগটি আরও মজবুত করতে আগামী কয়েকদিনের মধ্যেই রেল নিরাপত্তা বাহিনী এবং টিকিট পরীক্ষক দলও নিয়োগ করবে কর্তৃপক্ষ।


