মেট্রো রেল স্টেশনগুলোয় আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে
কে আর সি টাইমস ডেস্ক
স্বাধীনতা দিবস উপলক্ষে নাশকতার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। মেট্রো রেল স্টেশনগুলোয় আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
মঙ্গলবার সকাল ৯টা থেকেই মেট্রোর ২৩টি স্টেশনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৫ আগস্ট রাত পর্যন্ত থাকবে এই ব্যবস্থা।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, স্টেশনগুলোর মধ্যে ২০ জন মেট্রো রেলের পুলিশ অফিসার থাকবেন।৫টি স্টেশনে থাকবেন ১৫ জন রিজার্ভ ফোর্সের অফিসার ও ৪টে স্টেশনে থাকবেন ১৩ জন ট্রাফিক পুলিশের কর্মী। ২টি স্টেশনে সিকিউরিটি কন্ট্রোলের ২ জন অফিসার নিযুক্ত থাকবেন। একটি স্টেশনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ১জন অফিসার থাকবেন। প্রত্যেকটি স্টেশনেই থাকবেন ডিভিশনাল অফিসার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে স্টেশনগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত বা যেখানে স্টেশন লাগোয়া ভিভিআইপিদের বাসস্থান রয়েছে সেখানে সতর্কতামূলক পুলিশি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই তালিকার শীর্ষে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। সেখানে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে।


